ভাঙ্গা (ফরিদপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫ ১৮:৪২ পিএম
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত নারীর (বয়স আনুমানিক ৩৪ বছর) মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মালিগ্রাম এলাকার রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী ‘রূপসী বাংলা এক্সপ্রেস’ ট্রেনটি মালিগ্রাম এলাকায় পৌঁছালে রেললাইনের উপর থাকা ওই নারীকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ভাঙ্গা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিথুন বলেন, ‘ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এ নারী মারা গেছেন। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।’