নারায়ণগঞ্জ অফিস
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫ ১৬:১০ পিএম
তারেক রহমানের পক্ষে আর্থিক সহায়তার উপহার তুলে দেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। প্রবা ফটো
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নারায়ণগঞ্জের ক্ষুদে দাবাড়ু ও অনুর্ধ-১২ ইয়ুথ দাবা চ্যাম্পিয়ন সিদরাতুল মুনতাহার পাশে দাঁড়িয়েছে বিএনপি। বুধবার (১৩ আগস্ট) সকালে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সিদরাতুল মুনতাহার বাড়িতে এসে তারেক রহমানের আর্থিক সহায়তার উপহার তুলে দেন ।
জানা যায়, মুনতাহা কাজাখস্তানে ফিদে মাস্টার দাবার ওয়ার্ল্ড টুনামেন্টে অংশ নিতে যাবে। কিন্তু আর্থিক অনটনের কারণে তার কাজাখস্তান যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছিলো। বিষয়টি জানতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাৎক্ষণিক তিনি বিএনপি নেতাদের তার পাশে দাঁড়নোর নির্দেশ দেন।
আমিনুল হক জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অনুর্ধ-১২ ইয়ুথ দাবা চ্যাম্পিয়ন সিদরাতুল মুনতাহার জন্য সহযোগিতা নিয়ে এসেছি। বিএনপি তার পাশে আছে। আগামী ১৮ সেপ্টেম্বর কাজাখস্তানে ফিদে ওয়ার্ল্ড টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। সেই টুর্নামেন্টে একজন প্রতিভাবান ক্ষুদে দাবাড়ু অর্থের অভাবে অংশ নিতে পারবে না। বিষয়টি আমাদের নজরে আসার পরই কাজ শুরু করি।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, প্রতিভা অন্বেষণে নতুন কুঁড়ি ফের চালু করবেন।
সহযোগিতা পেয়ে বিএিনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ক্ষুদে দাবাড়ু সিদরাতুল মুনতাহা বলেন, ‘আমি সত্যি অবাক হয়েছি, সাবেক জাতীয় দলের অধিনায়ক ফুটবলার আমিনুল হক আমাদরে বাড়িতে এসেছেন। বিএনপির পক্ষ থেকে সহযোগিতা করতে এসেছেন। আমরা দেখেছি, বিএনপি আরও অনেকের পাশে দাঁড়িয়েছে। আমার কাছে স্বপ্নের মতো লাগছে। আমি সব সময় আল্লাহর কাছে দোয়া করেছি, আমার এই টুর্নামেন্টটি যেন হাতছাড়া না হয়। আমার দোয়া কবুল হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এই টুনামেন্টে ইনশা আল্লাহ সবার দোয়ায় ভালো করে আসতে পারবো, প্রাইজ নিয়ে আসতে পারবো। ইচ্ছা আছে আমার রেটিং বাড়াতে পারবো।’
সিদরাতুল মুনতাহার বাবা মামুন হোসেন বিএনপির সহযোগিতা পেয়ে মেয়ের জন্য সবার কাছে দোয়া চান। যাতে তার মেয়ে ওয়ার্ল্ড দাবা টুর্নামেন্টে ভালো কিছু করতে পারে।