স্থায়ী ক্যাম্পাসের দাবি
সিরাজগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫ ১১:৪৪ এএম
বুধবার সকাল ৯টা থেকে উল্লাপাড়ায় রেলপথ অবরোধ করে রেখেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রবা ফটো
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলপথ অবরোধ করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টা থেকে ঢাকা ও উত্তরপশ্চিমাঞ্চলের মধ্যে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মাসুম আলী বলেন, সকাল ৯টার দিকে শিক্ষার্থীরা উল্লাপাড়া স্টেশনের পাশে রেলপথ অবরোধ করে। এতে আপাতত রেল চলাচল বন্ধ রয়েছে। ফলে ঢাকা থেকে ছেড়ে আসা ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি উল্লাপাড়ার আগে জামতৈল স্টেশনে এবং ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি মোহনপুর স্টেশনে অবস্থান করছে।
তিনি আরও বলেন, স্বাভাবিকভাবেই এতে ট্রেনের শিডিউল বিপর্যয় হবে, তবে এই অবরোধের সময়ের উপর নির্ভর করছে কয়টি ট্রেনের শিডিউল বিপর্যয় হতে পারে।
স্টেশন সূত্রে জানা যায়, এই রেলপথ দিয়ে প্রতিদিন ৩০টি ট্রেন আপ-ডাউন করে থাকে। এর বাইরে ২-৩টি চলে মালবাহী ট্রেন। এর মধ্যে ১০টা ট্রেনের যাত্রাবিরতি রয়েছে উল্লাপাড়া স্টেশনে।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নয় বছর পার হলেও এখনো স্থায়ী ক্যাম্পাস নির্মাণ হয়নি। এতে শিক্ষার মান ব্যাহত হওয়ার পাশাপাশি নানান সমস্যার মুখে পড়তে হচ্ছে তাদের। দ্রুত দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।
এর আগে গত ২৬ জুলাই থেকে তারা আন্দোলন শুরু করেন। শিক্ষার্থীদের দাবি, সম্প্রতি পরিবেশ উপদেষ্টা ক্যাম্পাস স্থাপনের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন এবং তার কারণে নতুন জটিলতা তৈরি হয়েছে। এ অবস্থায় তারা পরিবেশ উপদেষ্টার পদত্যাগও দাবি করেছেন।