বগুড়া অফিস
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫ ১৯:১৮ পিএম
বগুড়ার সোনাতলায় গৃহবধূ ধর্ষণ মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকালে র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ, এটিসি এসব তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার (১১ আগস্ট) বিকালে গাজীপুরের কালীগঞ্জের বঙ্গবন্ধু এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামির নাম সাইফুল ইসলাম (৩০)। তিনি বগুড়ার সোনাতলা উপজেলার ছিচারপাড়া গ্রামের আফতাব হোসেন সরকারের ছেলে। গ্রেপ্তারের পর তাকে সোনাতলা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব কর্মকর্তা জানান, ভুক্তভোগী এক নারী বিয়ের পর থেকেই একই গ্রামের প্রতিবেশী সাইফুল ইসলামের উত্ত্যক্তের শিকার হন। সাইফুল তাকে বারবার কুপ্রস্তাব দিতেন। এমনকি স্বামীকে ভুল বুঝিয়ে সংসারে অশান্তি সৃষ্টি করতেন। এতে ওই নারী বাবার বাড়িতে চলে যান। গত ১৫ এপ্রিল রাতে বাবার বাড়ির শয়নকক্ষে হাতে ধারালো চাকু নিয়ে ঢোকে ওই সাইফুল। খুনের ভয় দেখিয়ে সে নারীকে এবং তার ছোট্ট কন্যাকে আতঙ্কিত করে ধর্ষণ করে। পরে ভুক্তভোগী সোনাতলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২০)-এর ৯(১) ধারায় মামলা করেন। মামলার নম্বর ০১, জিআর নম্বর ৫৩।
তিনি আরও জানান, মামলার পর থেকেই আসামি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, তিনি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বঙ্গবন্ধু এলাকায় অবস্থান করছেন। এরপর গত সোমবার বিকালে তাকে গ্রেপ্তার করে র্যাব।