চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫ ১৮:৫৩ পিএম
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আহত বন্যহাতিটির চিকিৎসা দেওয়া হচ্ছে ডুলাহাজারা সাফারি পার্কে।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে কক্সবাজারের চকরিয়ার ডুলহাজারা সাফারি পার্কের একদল চিকিৎসক বনবিভাগের সহায়তায় আহত হাতিটির চিকিৎসা দেয়।
সোমবার (১১ আগস্ট) সকালে উপজেলার সদর ইউনিয়নের আশারতলি সীমান্তের গুইট্টাইল্লা ঝিড়ি এলাকায় স্থলমাইন বিস্ফোরণে একটি বন্যহাতি পায়ে আঘাত লেগে মারাত্মক আহত হয়। পরে খবর পেয়ে বন বিভাগের সহায়তায় সাফারি পার্কের একদল চিকিৎসক বন্যহাতেটির চিকিৎসা দেয়।
নাইক্ষ্যংছড়ি বনবিভাগের রেঞ্জ অফিসার মোজাম্মেল হক সরকার জানান, বন্যহাতির সামনের ডান পা স্থলমাইনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি হাঁটতে না পেরে বনের মধ্যে লুটিয়ে পড়ে। স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়ার পর ডুলহাজারা সাফারি পার্কের চিকিৎসক দল বন্যহাতিটির চিকিৎসা দেয়।
ডুলহাজারা সাফারি পার্কের চিকিৎসক জুলকারনাইন জানান, চিকিৎসা দেওয়া হলেও বন্যহাতিটি এখনো শঙ্কা মুক্ত নয়। হাতিটির ডান পায়ের বোন মেরু ক্ষতিগ্রস্ত হয়ে সংক্রমণ ছড়িয়েছে। তবে আশা করা যাচ্ছে ঘা শুকিয়ে গেলে এটি হাঁটতে পারবে।