ফেনী প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫ ১৫:৩১ পিএম
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে ফেনীতে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচির আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম।
যুব উন্নয়ন অধিদপ্তর ফেনীর উপপরিচালক সাইফ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে ও ফেনী সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মুহাম্মদ হিলালুদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইফুল ইসলাম, ফেনী জেলা এনজিও ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী আরমান।
আয়োজকরা জানান, রক্তদানের মাধ্যমে তরুণদের মানবসেবায় সম্পৃক্ত করা এবং স্বেচ্ছাসেবার চেতনা জাগিয়ে তোলাই ছিল এ কর্মসূচির মূল উদ্দেশ্য।
রক্তদান কর্মসূচির বক্তারা বলেন, সমাজের সকল শ্রেণির মানুষকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসতে হবে। এতে যেমন অসুস্থ ও দুর্ঘটনাগ্রস্ত রোগীরা জীবন ফিরে পায়, তেমনি নিয়মিত রক্তদান শারীরিক সুস্থতার জন্যও উপকারী।