ফেনী প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫ ১৩:৪৪ পিএম
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও বিএফইউজের সাবেক সভাপতি এম. আবদুল্লাহ বলেছেন, গাজীপুরে সাংবাদিক তুহিনকে যখন কোপানো হচ্ছিল; গলাকেটে জবাই করে হত্যা করা হচ্ছিল। তখন আশপাশে শত শত মানুষ নীরব দর্শকের ভূমিকা পালন করছিল। কেউ এগিয়ে আসেনি। সেদিন ১০ জন মানুষও যদি হুংকার দিয়ে বলতো; এই কি করছিস, ওদের ধর; তখন হত্যাকারীরা পালিয়ে যেত। কিন্তু কেউ ভয়ে প্রতিবাদ করেনি। সাংবাদিক তুহিনের পরিবারের পাশে থাকবে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। আগামী ১ মাসের মধ্যেই ট্রাস্ট্রের সর্বোচ্চ সহায়তা নিয়ে আমরা তার পরিরের হাতে তুলে দেব এবং তার সন্তানদের দায়িত্ব নেব। আমরা রাষ্ট্রের কাছে দাবি জানাই, সাংবাদিক তুহিন হত্যার বিচার দ্রুত বিচার আইনে করতে হবে। বিচারহীনতার কারণে বিগত সময়ে সাংবাদিকরা খুন হয়েছে, নির্যাতিত হয়েছে। আমরা আর বিচারহীনতা আর দেখতে চাই না।
সোমবার (১১ আগস্ট) রাতে ফেনীর গ্রান্ড সুলতান কনভেনশন হলে আয়োজিত সাপ্তাহিক ফেনী সংবাদের ৩৪তম বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এম. আবদুল্লাহ আরো বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে দেশে ৬১ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। সাড়ে ৩ হাজার সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন। আমরা সাগর-রুনিসহ কয়েকজনের নাম জানি। যাদের হত্যার বিচার এখন পর্যন্ত হয়নি। আজকে ১২০তম বার সাগর-রুনির মামলার প্রতিবেদন দাখিলের তারিখ পেছানো হয়েছে।
তিনি বলেন, স্বাধীন সাংবাদিকতা মানে যা খুশি তা করা নয়; এই কথাটি মনে রাখতে হবে। সাংবাদিকতার সাথে নীতি-নৈতিকতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতা থাকতেই হবে।
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক তিনি সাংবাদিকদের জন্য তথ্য মন্ত্রণালয়ে একটি সুরক্ষা আইন করতে যাচ্ছেন। আগামী ১ সপ্তাহ অথবা ১৫ দিনের মধ্যেই এই আইনটি জারি হতে পারে। খুব সহসাই যাতে এ আইনটি বাস্তবায়ন হয় আমরা সেটির দাবি জানাচ্ছি। ওই আইনে সাংবাদিকদের আর্থিক ও জীবনের নিরাপত্তায় অনেকগুলো বিধান রাখা হয়েছে।
সাপ্তাহিক ফেনী সংবাদের প্রধান সম্পাদক অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়ার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মো. বাতেন।
পত্রিকাটির সম্পাদক এস.এম মাসুম বিল্লাহ ও নির্বাহী সম্পাদক মোস্তফা মুহিতের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের ও একেএম আবদুর রহীম, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন। শুরুতেই অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন জুলাই গণঅভ্যুত্থানে ফেনীর অন্যতম শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবনের পিতা নেছার আহমেদ। এছাড়াও অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেনÑ জেলা জামায়াতের সেক্রেটারি আবদুর রহীম, হেফাজতে ইসলামের ফেনী জেলা সেক্রেটারি ওমর ফারুক, জেলা ছাত্র দলের সভাপতি সালাহ উদ্দিন মামুন, এনসিপির জেলা সংগঠক শাহ ওয়ালী উল্যাহ মানিক, খেলাফত মজলিসের জেলা সভাপতি মোজাফফর আহমদ জাফরী, ফেনী শহর শিবিরের সভাপতি ওমর ফারুক, জেলা শিবিরের সভাপতি আবু হানিফ হেলাল। অনুষ্ঠানে পত্রিকাটির ৩৪ বছরের পথ চলার পাঠক, লেখকসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।