রাজশাহী অফিস
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫ ০৯:৫২ এএম
আপডেট : ১২ আগস্ট ২০২৫ ১০:২১ এএম
প্রবা ফটো
উজান থেকে নেমে আসা পানির প্রবল স্রোতে এবং বৃষ্টিপাতের কারণে রাজশাহী নগরীর দক্ষিণ দিক দিয়ে প্রবাহিত পদ্মা নদীর পানি বিপৎসীমার কাছ দিয়ে প্রবাহিত হচ্ছে। রাজশাহী পানি উন্নয়ন বোর্ড (পাউবো) দেওয়া তথ্য মতে, বিপৎসীমার ০.৬৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মার পানি।
সোমবার (১১ আগস্ট) সন্ধ্যা ৬টায় পদ্মার পানির উচ্চতা পরিমাপ করা হয়েছে ১৭.৩৯ মিটার। যেখানে পদ্মার পানির বিপৎসীমা ১৮.০৫ মিটার।
এদিকে, নাগরিকদের নিরাপত্তার স্বার্থে রাজশাহীর শহর রক্ষাকারী ঐতিহাসিক টি-বাঁধ সোমবার (১১ আগস্ট) থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে বাঁধের ধারে থাকা সকল দোকানপাট দ্রুত সরিয়ে নিতে বলা হয়েছে। পদ্মা নদীর পানি বিপৎসীমার কাছে চলে আসায় এই সিদ্ধান্ত নিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
রাজশাহী পাউবোর গেজ রিডার এনামুল হক বলেন, প্রতিদিনই পদ্মার পানি তিন-চার সেন্টিমিটার করে বাড়ছে। আগস্ট মাসে পদ্মার পানি এই উচ্চতাতেই থাকে। সোমবার সন্ধ্যা ৬টায় পদ্মার পানি উচ্চতা মাপা হয়েছে যা ১৭.৩৯ মিটার।