× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুগ্ধতা ছড়াচ্ছে সুবলং ঝরনা

আরমান খান, রাঙামাটি

প্রকাশ : ১২ আগস্ট ২০২৫ ০৯:০১ এএম

সুবলং ঝরনায় গা জুড়িয়ে নিচ্ছেন পর্যটকরা

সুবলং ঝরনায় গা জুড়িয়ে নিচ্ছেন পর্যটকরা

বর্ষায় যেন ভরা যৌবনে ফিরেছে রাঙামাটির সুবলং ঝরনা। প্রাণবন্ত হয়ে উঠেছে নৈসর্গিক সৌন্দর্যে ভরা আকর্ষণীয় এই জলপ্রপাত। শুষ্ক মৌসুমে কিছুটা নির্জীব হয়ে পড়লেও বর্ষা এলেই আপন রূপে সরব উপস্থিতি জানান দেয় এই ঝরনা। তার সৌন্দর্যে মুগ্ধ হতে প্রতিদিনই ছুটে আসেন অসংখ্য পর্যটক।

ঝরনার অপূর্ব সৌন্দর্য দেখার সুবিধার্থে ছোট একটি সেতুও বানানো হয়েছে এর পাশে। সেতুর ওপর দাঁড়িয়ে ছবি আর ভিডিও ধারণে ব্যস্ত হন পর্যটকরা। কেউ কেউ ঝরনার শীতল জলে নিজেদের ভিজিয়ে নিয়ে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন।

প্রায় ২০০ ফুট উঁচু পাহাড় থেকে অবিরাম জলধারা আছড়ে পড়ছে পাহাড়ের বুকে। শুষ্ক মৌসুমে শুকিয়ে গেলেও বর্ষা এলে যৌবন ফিরে পায় ওই এলাকার ছোট-বড় অনেকগুলো প্রাকৃতিক ঝরনা। ঝরনার অবিরাম বয়ে চলা প্রবাহ দেখতে দূরের পর্যটকদের পাশাপাশি রাঙামাটির স্থানীয়রাও এ সময় এখানে ছুটে আসেন। রাঙামাটি শহর থেকে ১ ঘণ্টারও কম সময়ে নৌযানে করে সুবলং ঝরনায় পৌঁছানো যায়। 

স্থানীয় পর্যটক মিলন ধর বলেন, শত ব্যস্ততার মাঝেও আমরা সবাই প্রশান্তির খোঁজ করি। এক্ষেত্রে সুবলং ঝরনা আমাদের অন্যতম গন্তব্য। আমরা প্রতিবছরই দুয়েকবার এখানে আসি। যাতায়াত খুবই সহজ হওয়ায় স্থানীয় লোকজনের কাছে এটি আকর্ষণীয় হয়ে উঠেছে।

বেড়াতে আসা একাধিক পর্যটক জানান, সুবলং ঝরনা ছবিতে যতটা না সুন্দর, বাস্তবে তার সৌন্দর্য আরও অনেক বেশি। পাহাড়ের ওপর থেকে বয়ে চলা ঝরনার অবিরাম ঝরে পড়ার এই দৃশ্যে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে হয়। তাছাড়া বর্ষায় পাহাড়ের প্রকৃত সৌন্দর্য জেগে ওঠে। প্রকৃতি এখানে ঘন সবুজে ঢেকে যায়। পর্যটকদের প্রশান্তি দিতে হ্রদ পাহাড়ের রাঙামাটির তুলনা হয় না।

ঢাকা থেকে রাঙামাটি বেড়াতে আসা পর্যটকদলের প্রধান মুজাহিদ বাবু বলেন, আমরা ২০ জনের একটি দল রাঙামাটি বেড়াতে এসেছি। বর্ষার এই সময়ে পাহাড়ের প্রকৃতি অনেক সতেজ থাকে, পাশাপাশি ঝরনাগুলো জেগে ওঠে। লেকে ঘুরে বেড়ানো, পাহাড় দেখা আর ঝরনার জলে শীতল হওয়ার জন্য রাঙামাটির বিকল্প নেই। সুবলং ঝরনাটি খুবই সুন্দর। যাতায়াত সহজ এবং রাঙামাটির খুব কাছে হওয়াতে পর্যটকদের জন্য আকর্ষণীয় হয়ে উঠেছে এই ঝরনাধারা।

পর্যটন উদ্যোক্তা হিমু বাপ্পী বলেন, এই সময়ে রাঙামাটিতে যারা বেড়াতে আসেন, সবারই গন্তব্য হয় সুবলং ঝরনা। পাহাড়ের ভাঁজে ভাঁজে অসংখ্য ঝরনা এখন জেগে উঠেছে। আমরা চাই সারা বছর পর্যটকরা রাঙামাটি বেড়াতে আসুক। পাহাড়ের সৌন্দর্য উপভোগ করুক।

স্থানীয় পরিবেশকর্মী প্রান্ত রনি বলেন, বর্ষায় পাহাড় খুব সুন্দর হয়ে ওঠে। এই সৌন্দর্য উপভোগ করতে যারা পাহাড়ে আসেন, বিশেষ করে রাঙামাটিতে; তারা কাপ্তাই হ্রদে ঘুরে বেড়ান। হ্রদের জলে প্লাস্টিকের খাবারের প্যাকেট ও পানির বোতল ফেলা থেকে বিরত থাকতে হবে। এছাড়া লাইফজ্যাকেট পরিধানে সচেতন হতে হবে। পাহাড়ের প্রাণ-প্রকৃতি রক্ষা করেই পর্যটনের বিকাশে ভূমিকা রাখতে হবে।

সুবলং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা বলেন, বর্তমানে প্রতিদিন বিপুল সংখ্যক পর্যটক এখানে আসছেন। পর্যটকদের সুবিধার জন্য উপজেলা প্রশাসন থেকে সৌন্দর্যবর্ধন, অবকাঠামো উন্নয়ন, সিঁড়ি ও টয়লেট নির্মাণ করা হয়েছে। নিরাপত্তা নিয়ে এখানে কোনো সমস্যা নেই। 

রাঙামাটি পর্যটন করপোরেশন ও পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, ঢাকা ও চট্টগ্রামসহ দেশের নানা প্রান্ত থেকে বেড়াতে আসা পর্যটকদের মূল আকর্ষণ সুবলং ঝরনা। পর্যটকরা সুবলং ঝরনায় মুগ্ধ হন, তারা প্রশান্তি খুঁজে পান। বর্ষা এলে সুবলং ঝরনাটির আসল রূপ দেখা যায়। সারা বছরই রাঙামাটিতে বেড়ানোর জন্য উপযুক্ত জায়গা আছে। এখানে পর্যটকদের নিরাপত্তার কোনো ঘাটতি নেই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা