সিলেট অফিস
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫ ২১:১৮ পিএম
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আইন করে গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সোমবার (১১ আগস্ট) দুপুরে সিলেটের মুরারীচাঁদ (এমসি) কলেজ ছাত্রদলের কাউন্সিল ও সম্মেলন উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন দাবি জানান।
এ সময় রাকিবুল ইসলাম বলেন, একাত্তরের মানবতাবিরোধী রাজনীতিতে বিশ্বাসীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া ছাত্রসমাজের নৈতিক দায়িত্ব।
তিনি বলেন, অতীতে ছাত্র রাজনীতির কার্যক্রম বিশেষত ফ্যাসিস্ট আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে সাধারণ শিক্ষার্থীরা এখনও আতঙ্কিত, তারা এখনও ট্রমার মধ্যে রয়েছে। তাই অনেক সাধারণ শিক্ষার্থীর মধ্যে ছাত্ররাজনীতি নিয়ে এক ধরনের অনীহা আছে। কিন্তু বাংলাদেশ ছাত্রদল ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের পুনরাবৃত্তি না করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষাবান্ধব রাজনীতি চালিয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এখনও নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা সক্রিয় রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
দীর্ঘ একুশ বছর পর গতকাল সিলেট এমসি কলেজ ছাত্রদলের কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
দুপুরে উদ্বোধনের পর কলেজের কেন্দ্রীয় মিলনায়তনে শুরু হয় সম্মেলন। এমসি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সেলিম আহমদ সাগরের সভাপতিত্বে এতে ছাত্রদলের কেন্দ্রীয় ও সিলেটের নেতারা উপস্থিত ছিলেন।