রংপুর অফিস
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫ ২০:২৩ পিএম
আপডেট : ১১ আগস্ট ২০২৫ ২০:৩৯ পিএম
আগামী ১৭ আগস্টের মধ্যে রংপুর সিটি কর্পোরেশন থেকে ট্রেড লাইসেন্স নিতে আরোপিত উৎসকর ও হোল্ডিং ট্যাক্স প্রত্যাহার করা না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা।
সোমবার (১১ আগস্ট) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শহিদুল ইসলামের সঙ্গে মতবিনিময় করেন তারা। এতে ব্যবসায়ীরা জানান, সম্প্রতি উৎসকর ও হোল্ডিং ট্যাক্স পরিশোধ না করলে রংপুর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স দিচ্ছে না। এ কারণে ব্যবসায়ীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। রংপুর নগরীর বেশিরভাগ ব্যবসায়ী দোকান ভাড়া করে ব্যবসা করছেন। ফলে তাদের পক্ষে হোল্ডিং ট্যাক্স দেওয়া সম্ভব না। অপরদিকে দীর্ঘ ৫৩ বছরের আঞ্চলিক, অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক বৈষম্যের শিকার রংপুরে কোন কল-কারখানা গড়ে উঠেনি। ফলে শতভাগ ব্যবসা নির্ভর অর্থনৈতিক কার্যক্রমে ট্রেড লাইসেন্স নিতে উৎসকর পরিশোধ করা ব্যবসায়ীদের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে।
মতবিনিময় সভায় ব্যবসায়ীরা ট্রেড লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রে আরোপিত উৎস কর ও হোল্ডিং ট্যাক্স প্রত্যাহারসহ অন্যান্য জটিলতা নিরসন, সিটি কর্পোরেশনের নাগরিক সেবা নিশ্চিত করা, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সিটি কর্পোরেশনকে প্রণোদনা ও উৎসাহমূলক কর্মসূচী নেওয়ার দাবি জানান।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- রংপুর চেম্বারের প্রেসিডেন্ট এমদাদুল হোসেন, রংপুর মেট্রোপলিটন চেম্বারের পরিচালক নাজমুল আলম নাজু, উইমেন চেম্বারের প্রেসিডেন্ট শাহনাজ পারভীন, মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, জেলা দোকান মালিক সমিতির সভাপতি আলতাফ হোসেন, জেলা পরিষদ সুপার মার্কেট দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রশিদুজ্জামান বুলবুলসহ অন্যরা। এরপর সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে স্বারকলিপি দেন ব্যবসায়ীরা।