হিলি (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫ ১৮:২৭ পিএম
চীন থেকে আসা ইয়ং সং সং (বাঁয়ে), সুরভী আক্তার। প্রবা ফটো
প্রেম মানে না জাতি, কুল বা কোনো বাধা। এমনই আরও একটি ইতিহাস সৃষ্টি করছে বাংলাদেশি প্রেমিকা এক তরুণীর সাথে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছে সুদূর চীন থেকে আসা প্রেমিক যুবক ইয়ং সং সং (২৬)। আর এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দিনাজপুরের বিরল উপজেলার ১০ নম্বর রাণীপুকুর ইউপি’র কাজিপাড়া শিমুলতলা গ্রামে। খবরটি ছড়িয়ে পড়ায় প্রেমিক চীনা যুবককে এক নজর দেখার জন্য প্রেমিকার বাড়িতে শত শত উৎসুক জনতা ভিড় করছে।
রবিবার (১০ আগস্ট) সন্ধ্যায় প্রেমিকা সুরভী আক্তারের বাড়িতে এসে পৌঁছায় সেই চীনা যুবক।
স্থানীয়রা জানান, চীনা যুবক ইয়ং সং সং পেশায় একজন নির্মাণ কর্মী। তার বাড়ি চীনের তাইকো জিয়াংসু এলাকায়। তার বাবা মৃত ইউয়ান সিকি এবং মা লিউ ফেনহং। প্রায় ১ বছর আগে কাজিপাড়া শিমুলতলা গ্রামের অটোচালক নুর হোসেনের (বাবু) মেয়ে সুরভী আক্তারের (১৯) সাথে ভার্চুয়াল হ্যালো ট্যাক অ্যাপসের মাধ্যমে তাদের দু’জনের পরিচয় হয়। এরপর ভার্চুয়াল যোগাযোগের মাধ্যমে দু’জনের মধ্যে শুরু হয় ফ্রেন্ডশিপ থেকে রিলেশনশিপ। একপর্যায় প্রেমিক যুবক ইয়ং সং সং গত ৪ আগস্ট সুদূর চীন থেকে প্রেমিকা সুরভী আক্তারের টানে বাংলাদেশে ছুটে আসে। সুরভীরা দুই বোন। মা সাথী আক্তার একজন গৃহিণী।
সুরভীর বাবা-মা ও পরিবারের লোকজন জানান, চীন থেকে আসা যুবকের পরিচয় ও কাগজপত্র পর্যালোচনা করা হচ্ছে। সব কিছু ঠিক থাকলে সুরভীর সাথে তার বিয়ে দেওয়া হবে।