ফেনী প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫ ১৭:০২ পিএম
ফেনীর পরশুরাম সীমান্তে ২১৭৪ নম্বর পিলারসংলগ্ন এলাকা থেকে নুরুল ইসলাম (৬৩) নামে এক বৃদ্ধকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
সোমবার (১১ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের উত্তর কেতরাঙ্গা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয়রা জানায়, সোমবার সকাল ৯টার দিকে নুরুল ইসলাম সীমান্ত এলাকায় গেলে ভারতীয় বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে তাকে ধরে নিয়ে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, ওই ব্যক্তির শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে।
স্থানীয় রবিউল হক জানান, নুরুল ইসলাম কৈয়ার কোনা গ্রামের সুলতান আহাম্মদ ও হালিমা খাতুনের ছেলে। তার এক ছেলে ও তিন কন্যা সন্তান রয়েছে। তিনি গ্রামে থেকে তরিতরকারি ক্রয় করে বাজারে নিয়ে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। তার দুটি হাত সুস্থ নয়।
বিজিবি ফেনী ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মো. মোশারফ হোসেন এক বৃদ্ধকে ধরে নিয়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, কোম্পানি কমান্ডার পর্যায়ে বিএসএফের সাথে কথা হয়েছে। আজ বিকালের মধ্যে তারা ওই ব্যক্তিকে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।