শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫ ১৬:৫৩ পিএম
সাতক্ষীরার শ্যামনগরের যুবলীগ নেতা মোস্তফা মোড়ল ওরফে গামছা মোস্তফাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় জনতা।
রবিবার (১০ আগস্ট) রাত ৯টার দিকে হরিনগর বাজার থেকে স্থানীয় জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে তুলে দেন। সে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর সিংহরতলী গ্রামের রুহুল আমিন মোড়লের ছেলে। গামছা মোস্তফা মুন্সিগঞ্জ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
স্থানীয়দের অভিযোগ, গামছা মোস্তফা স্থানীয় যুবলীগের একজন সক্রিয় সদস্য ছিলেন। তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় বিএনপি-জামায়াত নেতাকর্মী ও সাধারণ মানুষকে ব্যাপক নির্যাতন করে। হরিনগর বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন সময়ে চাঁদাবাজিসহ হয়রানির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও গামছা মোস্তফা মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অসীম মৃধার লাঠিয়াল বাহিনীর সদস্য হিসেবে এলাকায় ত্রাসের রাজত্ব চালিয়েছেন বলেও জানানা। তারা আরও জানান, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর হরিনগর বাজারের একটি চায়ের দোকানে আসে গামছা মোস্তফা। এ সময় তাকে দেখতে পেয়ে ক্ষুব্ধ জনতা গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, মোস্তফাকে স্থানীয় জনতা আটক করে আমাদের খবর দেন। পরে হরিনগর বাজার থেকে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। মোস্তফার নামে মাদকসহ কয়টি মামলা রয়েছে।