ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫ ১৬:১৯ পিএম
টাঙ্গাইলের ঘাটাইলে ঘাস মারার বিষ দিয়ে এক কৃষকের সাড়ে চার বিঘা জমির বেগুন পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১১ আগস্ট) সকালে সাগরদিঘি ইউনিয়নের বেপারিপাড়া গ্ৰামে এ ঘটনা ঘটে। এতে দিশাহারা হয়ে পড়েছেন কৃষক রুহুল আমিন ও আলম মিয়া। এ ঘটনায় প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান কৃষক রুহুল আমিন।
ক্ষতিগ্রস্ত কৃষক ও স্থানীয় সূত্রে জানা যায়, এক লাখ টাকা দিয়ে সাড়ে চার বিঘা জমি বর্গা নিয়ে প্রায় পাঁচ লাখ টাকা ঋণ করে বেগুন চাষ করেছিলেন রুহুল আমিন ও এক অংশীদার। ফলনও হয়েছিল বেশ ভালো। গত রবিবার সকালে রুহুল আমিন তার বেগুন ক্ষেতে কীটনাশক ও ভিটামিন স্প্রে করার জন্য কয়েকজন শ্রমিক নিয়ে ক্ষেতে যান। শ্রমিকদের কাজ বুঝিয়ে দিয়ে চলে আসেন রুহুল আমিন। এসময় কীটনাশক মিশ্রিত ডামের কাছে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে থাকেন স্থানীয় একজন।
এরপর সোমবার সকালে দেখা যায়, বেগুন ক্ষেতের একাংশ পুড়ে গেছে। বিষ কোম্পানির কয়েকজন কর্মকর্তা নিশ্চিত করেছেন, পোড়া অংশে ঘাসমারার বিষ স্প্রে করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক রুহুল আমিন আফসোস করে বলেন, আমি সাড়ে চার বিঘা জমি লিজ নিয়ে বেগুন চাষ করি। দুর্বৃত্তের দেওয়া ঘাসমারা বিষে প্রায় দেড় বিঘা জমির বেগুন পুড়ে গেছে। এতে আমার প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।
তিনি আরও বলেন, বিষ দেওয়ার সময় সন্দেহভাজন একজনকে বিষমিশ্রিত ডামের আশেপাশে ঘুরতে দেখেছি। সে এর আগেও আমার অনেক ক্ষতি করেছে। এ ব্যাপারে আমি আইনের সহযোগিতা নেবো।
স্থানীয় জুয়েল চৌধুরী বলেন, রুহুল একজন সহজ সরল মানুষ। আমার জানা মতে, তার সঙ্গে কারও শত্রুতা নেই। কিন্তু তার বেগুনের জমিতে এত বড় সর্বনাশ মেনে নিতে পারছি না। বেপারীপাড়া এলাকায় কিছু চিহ্নিত দুর্বৃত্ত রয়েছে। এদের অত্যাচারে ওই এলাকায় আমার জমিতে আমি কোনো চাষাবাদ করতে পারি না। এরা দেশ ও সমাজের শত্রু। জনসম্মুখে এদের বিচার করা উচিত।
সাগরদীঘি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আতোয়ার বলেন, এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেবো।