খুলনা অফিস
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫ ১৪:৩৫ পিএম
ছবি: সংগৃহীত
খুলনার তেরখাদা উপজেলায় সরকারি দায়িত্ব পালনকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইদুজ্জামান ও তার সহকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় একদল জেলের বিরুদ্ধে। এ ঘটনায় সরকারি কাজে বাধা, হামলা ও সরকারি মালামাল জবরদখলের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছে।
মামলার প্রধান আসামি রতন শেখ (৫০)। অন্য আসামিদের মধ্যে আছেন কালু শেখ (১৬), আক্কাস মোল্লা (২৫), হুসাইন সাকাওয়াতি (২০), রহমত শেখ (২৫), মজিদ মোল্লা (২৫), জাহির মোল্লা (২৫) এবং অজ্ঞাত আরও ২০-২৫ জন।
এজাহার সূত্রে জানা যায়, ৪ আগস্ট বিকেলে উপজেলার পাতলা এলাকায় একটি খালে অবৈধ চায়না ও কারেন্ট জাল উদ্ধারে অভিযান চালান মৎস্য কর্মকর্তা সাইদুজ্জামান। পুলিশ অভিযানের একপর্যায়ে হাতিশুরা খালের মাথায় আজিজুল মোল্লার মাছের ঘের এলাকায় পৌঁছালে প্রায় ৩০ জনের সংঘবদ্ধ দল ১০টি নৌকায় করে এসে বাধা দেয় ও হামলা চালায়।
অভিযুক্তরা কর্মকর্তাদের মারধরের চেষ্টা করে এবং জব্দ করা প্রায় ৫০টি চায়না জাল ছিনিয়ে নেয়। ভিডিও ধারণের চেষ্টা করলে মৎস্য কর্মকর্তাকে হত্যার হুমকি দেওয়া হয়। স্থানীয় কয়েকজন প্রতিবাদকারী সাক্ষীকেও মারধর করে আহত করা হয়।
তেরখাদা থানার ওসি জানিয়েছেন, গ্রেপ্তার দুইজনের নাম কালু শেখ ও সজীব। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।