নোয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫ ১৩:৩০ পিএম
নোয়াখালীর ভাসানচরে নৌবাহিনীর ফরওয়ার্ড বেইজের ভেতরে অবস্থিত ব্যাটারি হাউস থেকে ১২ ভোল্টের ২৬টি সোলার প্যানেলের ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে। পরে ২৬টি ব্যাটারি উদ্ধার এবং জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১০ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কুতুব উদ্দিন।
পুলিশ জানায়, গত ৬ আগস্ট রাত ১২টা ৩০ মিনিট থেকে সকাল ছয়টার মধ্যে ভাসানচর সম্মুখঘাঁটির ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ওয়্যারহাউজের পেছনে অবস্থিত ব্যাটারি হাউস থেকে ব্যাটারিগুলো চুরি হয়। ঘটনার দুইদিন পর ৮ আগস্ট রাত ৯টা ৫ মিনিটে ডব্লিউিএফপির ভেন্ডর প্রতিষ্ঠান আইএসএসএলের সিকিউরিটি গার্ড সুপারভাইজার মো. সজিব (২৮) ভাসানচর থানায় ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করেন। মামলাটি তদন্ত করেন এসআই (নিঃ) পলাশ দাশ। পরে ভাসানচর থানা পুলিশ অভিযান চালিয়ে চুরির সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করে এবং চোরাই যাওয়া ২৬টি ব্যাটারি উদ্ধার করে।
ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কুতুব উদ্দিন বলেন, আসামিরা ব্যাটারিগুলো চুরি করে জঙ্গলে নিয়ে রাখে। সেখান থেকে নৌকায় করে চট্টগ্রাম পাচার করার পরিকল্পনা করে। আমরা অভিযান চালিয়ে হাতেনাতে দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। বাকি আসামিদের গ্রেপ্তার ও অবশিষ্ট ব্যাটারি উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।