বগুড়া অফিস
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫ ১২:৫১ পিএম
দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানিতে সরাসরি অভিযোগের ভিত্তিতে ‘প্রফেশনাল ইউনিভার্সিটি’ নামে একটি ভুয়া বিশ্ববিদ্যালয়ের পরিচালকসহ দুইজনকে আটক করেছে পুলিশ। রবিবার (১০ আগস্ট) বগুড়ার টিটু মিলনায়তনে এই ঘটনা ঘটে।
বগুড়া সদর উপজেলার কাটনারপাড়া এলাকার সোহেল মণ্ডল এবং তার সহযোগী রাসেলকে আটক করা হয়। তারা ‘প্রফেশনাল ইউনিভার্সিটি’ নামে প্রতারণামূলক কার্যক্রম চালাচ্ছিলেন বলে অভিযোগ।
দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেনের উপস্থিতিতে চলা গণশুনানিতে এক যুবক প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ করলে চেয়ারম্যান তাৎক্ষণিক ব্যবস্থা নিতে নির্দেশ দেন। তাঁর নির্দেশে জেলা পুলিশ সুপার জেদান আল মুসার উপস্থিতিতে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির ঘটনাস্থলেই দুইজনকে আটক করে থানায় নিয়ে যান।
ওসি হাসান বাসির জানান, দুদক চেয়ারম্যানের নির্দেশ ও জেলা পুলিশ সুপারের অনুমতি সাপেক্ষে তাদের আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গণশুনানিতে ৩২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ৯৭টি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে ৫৭টি অভিযোগে সরাসরি সিদ্ধান্ত দেন দুদক চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।