রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫ ১১:৩২ এএম
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুরের রামগতিতে পুলিশের এএসআই পরিচয়ে শত বছরের পুরনো একটি চলাচলের রাস্তা কেটে দিয়েছেন ইউসুফ নামের এক ব্যক্তি। এতে দক্ষিণ-পূর্ব সেকান্দার এলাকার অন্তত ১০টি পরিবারের শতাধিক মানুষ দুর্ভোগে পড়েছেন।
গতকাল রবিবার সকালে ভুক্তভোগী ফারুক ও নেজাম এমন অভিযোগ করে বলেন, এ বিষয়ে থানায় পুলিশ অভিযোগ নেয়নি। অন্যদিকে ঘটনাটি সম্পর্কে কেউ জানায়নি বলে দাবি করেছেন ওসি কবির হোসেন।
এর আগে গত বৃহস্পতিবার সকালে চর আলগী ইউনিয়নের আশ্রাব আলী মোতাগো বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ইউসুফ চট্টগ্রামের হালিশহর থানায় কর্মরত এএসআই এবং স্থানীয় নাজমুল হুদার ছেলে।
স্থানীয়রা ও ভুক্তভোগী পরিবারগুলো জানায়, অভিযুক্ত ইউসুফ চট্রগ্রাম হালিশহর থানায় কর্মরত আছেন। গত বুধবার ছুটিতে বাড়িতে এসে কাউকে কোনো কিছু না বলে হঠাৎ তাদের ১০ পরিবারের চলাচলের একমাত্র রাস্তাটি কেটে ফেলেন। এ সময় রাস্তা ব্যবহারকারী পরিবারগুলো বাধা দিলে ইউসুফ ও তার পরিবারের লোকজন মিলে ভুক্তভোগীদের ওপর অতর্কিত হামলা চালিয়ে বেধড়ক মারধর করেছে। হামলায় ফারুক, নাজমা বেগমসহ ৫ জন আহত হয়।
এলাকাবাসীর অভিযোগ, এএসআই ইউসুফ রাস্তাটি কেটে ফেলেন ব্যক্তিস্বার্থে। যদিও এটি একটি প্রচলিত জনসাধারণের পথ এবং দীর্ঘদিন ধরে এলাকাবাসী এ রাস্তা ব্যবহার করে আসছেন।
ভুক্তভোগীরা জানান, আমাদের যাতায়াতের আর কোনো পথ নেই। স্কুলে যাওয়া থেকে শুরু করে বাজার, চিকিৎসা সবকিছুতেই এখন দুর্ভোগ।
ভুক্তভোগী ফারুক ও নেজাম উদ্দিনসহ অন্যরা জানায়, দারোগা ইউসুফ আমাদের চাচাতো ভাই হয়। আমরা একই পরিবারের লোক। আশ্রাব আলী মতাগো বাড়ি নামের এ বাড়িটি অনেক পুরনো। এখন বেশ কয়েকটি বাড়িতে ভাগ হয়ে বর্তমানে সেখানে আটটি বাড়ির শখানেক লোকের বসবাস। বাড়িতে বসবাসকারী লোকজনের চলাচলের রাস্তাটি শত বছরের পুরনো। ইউসুফ তার দারোগার ক্ষমতা দেখাতে গিয়ে বৃহস্পতিবার সকালে তার ভাই মিলাদ ও পরিবারের অন্যদের নিয়ে রাস্তাটি কেটে ফেলে। এতে আমরা মারাত্মক দুর্ভোগে পড়েছি। রাস্তাটি চলাচলের উপযোগী করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ চেয়েছেন তারা।
এ বিষয়ে এএসআই ইউসুফের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় শুনে ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন।
রামগতি থানার ওসি কবির হোসেন বলেন, দুপক্ষের কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।