× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ত্রাণ গুদাম

জনবল সংকটে চার বছর ধরে পড়ে আছে ভবন

শফিক সরকার, ময়মনসিংহ

প্রকাশ : ১১ আগস্ট ২০২৫ ১১:২২ এএম

প্রবা ফটো

প্রবা ফটো

জনবল সংকটে চার বছর ধরে পড়ে আছে ২ কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি ভবন। কবে এই ভবনটি ব্যবহার হবে, এটাও জানা নেই কর্তৃপক্ষের। এভাবেই বছরের পর বছর ধরে পড়ে আছে ময়মনসিংহ জেলা ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্যকেন্দ্রটি।

ময়মনসিংহ নগরের আকুয়া জুবলী কোর্য়াটার এলাকায় তিনতলা এ ভবনের নির্মাণকাজ শুরু হয় ২০১৯ সালের ডিসেম্বর মাসে। ২০২১ সালের শেষ দিকে ভবনটির নির্মাণকাজ শেষ হয়।

ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে ভবনটির নির্মাণ ব্যয় হয়েছে ১ কোটি ৭৩ লাখ টাকা। ভবন নির্মাণের পর সেখানে প্রয়োজনীয় আসবাব ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র লাগানো হয়েছে।

ময়মনসিংহ জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এ ভবনের নির্মাণকাজ বাস্তবায়ন করেছে। সারা দেশে মোট ৬৬টি ভবন হওয়ার কথা। তবে ২০১৯ সালের ডিসেম্বর মাসে দেশের মোট ৩০টি জেলায় এই ভবন নির্মাণ শুরু হয়। এর মধ্যে ময়মনসিংহে একটি।

২০১৯ সালের ৭ ডিসেম্বর তৎকালীন জেলা প্রশাসক মিজানুর রহমান ময়মনসিংহের ভবনটির নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। নির্ধারিত এক বছরের মধ্যে ভবন নির্মাণের অধিকাংশ কাজ শেষ হয়। ২০২১ সালের শেষ দিকে পুরোপুরি শেষ হয় নির্মাণকাজ। এরপর তিনতলা ভবনটিতে প্রয়োজন অনুযায়ী আসবাব, দরজা-জানালার পর্দা ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র লাগানো হয়। ভবনের নিচতলায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের একটি গুদাম এবং বাকি দুটি তলায় এ দপ্তরের কর্মকর্তাদের বসার কথা। তবে এই ভবটিতে গত চার বছরেও গুদাম বা কার্যালয় চালু হয়নি।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের একটি প্রকল্পের মাধ্যমে ভবনটি নির্মাণ করা হয়। নির্মাণকাজ তদারক করেন ময়মনসিংহ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মনিরুল হক ফারুক রেজা। তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, নির্ধারিত এক বছরের মধ্যে ভবন নির্মাণের কাজ শেষ হয়। এরপর ২০২১ লিখিতভাবে প্রকল্প পরিচালককে ভবনটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা জানানো হয়।

ময়মনসিংহের এই ভবন নির্মাণে ব্যয় হয়েছে ১ কোটি ৭৩ লাখ ২০ হাজার ৯৭৯ টাকা। এ ছাড়া ভবনের আসবাস, পর্দা, টেলিভিশন ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র লাগানো বাবদও ব্যয় হয়েছে। তবে জনবল সংকটে ভবনটি ব্যবহার করা যাচ্ছে না। বিষয়টি বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এরপরও কোনো কাজে আসছে না।

গত বুধবার বেলা সাড়ে ১১টায় দেখা যায় ভবনের মূল ফটকে তালা ঝুলে আছে। ভবনের সামনের ইলেকট্রিক দোকানের কর্মচারী হায়দার আলী বলেন, এই ভবন দেখাশোনার দায়িত্বে রয়েছেন জব্বার আলী নামে এক মুরুব্বি। তিনি এই ভবনে সার্বক্ষণিক থাকেন। তিনি সারা দিন মূল গেটে তালা লাগিয়ে রাখেন। এর বাইরে কাউকে ঢুকতে দেখা যায় না। তবে মাঝেমধ্যে এক দুইটা গাড়ি ঢুকতে দেখা যায় বলেও তিনি জানান।

ভবনটির পাহারার কাজে নিয়োজিত স্থানীয় আবদুল জাব্বার। তিনি বলেন, ‘এই বিষয়ে আমি কিছু বলতে পারব না। আমার দায়িত্ব দেখাশোনা করার, এর বাইরে আমার কিছু বলার নেই। তবে বিভিন্ন সময় স্যারেরা থাকেন এই ভবনে। ভেতরে দুটি কক্ষে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রসহ অন্যান্য আসবাবপত্র রয়েছে।’

স্থানীয় বাসিন্দারাও জানান, ভবনটির নির্মাণকাজ যখন শুরু হয়, তখন সামনের সড়কটি বেহাল ছিল। দেড় বছর আগে সড়কটি সংস্কার করা হয়েছে। তারপরও কেন ভবনটিতে কার্যালয় চালু হচ্ছে না, সেটি তাদের কাছেও প্রশ্ন।

প্রকল্প সূত্রে জানা যায়, তিন তলা ভবনটির প্রথম তলা গুদাম হিসেবে ব্যবহার করা হবে। এতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ত্রাণসামগ্রী রাখা হবে। দ্বিতীয় তলা শুকনা খাবারের গুদাম ও নিয়ন্ত্রণকক্ষ হিসেবে ব্যবহার করা হবে। তৃতীয় তলা পরির্দশন কক্ষ ও রেস্টহাউস হিসেবে ব্যবহারের কথা রয়েছে।

ময়মনসিংহ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রেজাউল করিম বলেন, ‘ভবনটির নির্মাণকাজ শেষ। আমরা মাঝেমধ্যে সেখানে যাই। প্রয়োজনে ভবনটি ব্যবহার করা হয়। সেখানে প্রয়োজনীয় মালামাল রাখা হয়েছে। এ ছাড়া এই বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ময়মনসিংহে এলে তাদের সেখানে থাকতে দেওয়া হয়। তবে গুদামের জন্য একজন ভান্ডাররক্ষক নিয়োগ করা হবে। সে নিয়োগ সম্পন্ন হওয়ার পর গুদাম চালু হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা