দুর্গাপুর (রাজশাহী) প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫ ২০:৪৮ পিএম
রাজশাহীর দুর্গাপুরে ৩ মাস আগের হত্যাকাণ্ডের জের ধরে জামিনে থাকা ওয়াজেদ আলী (৭০) নামের এক হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা করেছে। এছাড়াও তার স্ত্রী ও সন্তানসহ ৩ জনকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন।
রবিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মাড়িয়া ইউনিয়নের হোজা অনন্তকান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৪টায় মারা যায় ওয়াজেদ আলী।
আহতরা হলেন- নিহত ওয়াজেদ আলীর স্ত্রী লাইলী বেগম (৬০) ও তার ছেলে মাসুম আলী (২৮)। এদের মধ্যে ২ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলেও একজনকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যাওয়ার কথা জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ মে একই গ্রামে সংঘর্ষের ঘটনায় হাসিবুর নামে এক যুবক নিহত হন। ওই ঘটনায় গত ১৫ মে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা রুজু হয়। যার মামলা নম্বর ১৩। এজাহারনামীয় আসামি ছিলেন নিহত ওয়াজেদ আলী। ওয়াজেদ আলী জামিনে মুক্ত হয়ে এলাকায় অবস্থান করছিলেন। রবিবার সকালে ওয়াজেদ আলী তার ছেলেকে নিয়ে হোজা অন্ততকান্দি গ্রামের বিলের পশ্চিম পাশে নিজ পান বরজে কাজ করছিলেন। এ সময় একই গ্রামের একরামুল, ফয়সাল, এমদাদুল, হান্নান ও মান্নানসহ ১০-১৫ জন সংঘবদ্ধ হয়ে লাঠি, লোহার রড, হাঁসুয়া ও রামদা নিয়ে অতর্কিত হামলা চালায় তাদের ওপর। হামলায় ওয়াজেদ আলীর মাথা, বাঁ হাতের কব্জি ও পায়ে গুরুতর জখম হয়। এছাড়াও তার ছেলে ও স্ত্রী গুরুতর আহত হন। তাদের রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। বিকেল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওয়াজেদ আলী।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, আগে একটি হত্যাকাণ্ডের ঘটনার জের ধরে সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় ওয়াজেদ আলী নামে একজন মারা গেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।