কুমিল্লা অফিস
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫ ২০:১০ পিএম
নিহত নজরুল ভূঁইয়া।
কুমিল্লার তিতাসে পরকীয়ার জের ধরে নজরুল ভূঁইয়া নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রেমিকা ও তার স্বামী। এ ঘটনায় তিতাস থানা পুলিশ প্রেমিকা স্মৃতি ও তার স্বামী হোসেন মিয়াকে গ্রেপ্তার করেছে।
নিহত নজরুল ভূঁইয়া তিতাস উপজেলার সাহাবৃদ্দি গ্রামের মো. হানিফ ভূঁইয়ার ছেলে। সে পেশায় একজন ট্রাক্টর চালক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৬ আগষ্ট রাত ১০টায় নজরুল ভূঁইয়া দোকানে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি। পরে ৮ আগস্ট নজরুলের পিতা হানিফ ভূঁইয়া তিতাস থানায় একটি নিখোঁজের ডায়েরি করেন। তিতাস থানা পুলিশ নজরুলের ব্যবহৃত মোবাইলের সিম দিয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে নিখোঁজের রহস্য উদ্ঘাটন করে। উপজেলার মজিদপুর গ্রামের মজু মিয়ার ছেলে সিএনজি চালক হোসেন (৩২) ও তার স্ত্রী স্মৃতিকে (২৭) আটক করে থানায় নিয়ে আসে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা নজরুলকে কুড়াল দিয়ে কুপিয়ে ৪ টুকরো বস্তাবন্দি করে মরদেহ খালে ফেলে দিয়েছে বলে স্বীকার করেছে। এ ঘটনায় পুলিশ নিহতের দুটি হাত উদ্ধার করেছে। শরীরের অন্যান্য অংশ উদ্ধারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
নিহতের বাবা হানিফ ভূঁইয়া জানান, পূর্ব পরিকল্পিতভাবে আমার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ উল্যাহ বলেন, নজরুল গত ৬ আগস্ট রাত আনুমানিক ১০টায় ঘর থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি, পরে ৮ আগস্ট নজরুলের পিতা হানিফ ভূঁইয়া থানায় একটি নিখোঁজের জিডি করেছেন। তারই সূত্র ধরে তথ্য প্রযুক্তির মাধ্যমে আটককৃত সৃতি আক্তারকে শনাক্ত করে তাকে এবং তার স্বামী হোসেনকে রবিবার ভোরে আটক করে থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদে নজরুলকে কুপিয়ে চার টুকরো করে বস্তায় ভরে খালে ফেলে দিয়েছে বলে তারা স্বীকার করেছে। তাদের স্বীকারোক্তি মতে পুলিশ নিহতের হাত দুটো খাল থেকে উদ্ধার করেছে। শরীরের অন্যান্য অংশ উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।