জয়পুরহাট প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫ ১৭:০৮ পিএম
জয়পুরহাটের কালাই উপজেলায় ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (৯ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কালাই উপজেলার তালুকদারপাড়া মহল্লার নাফসি তালুকদারের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
খবর পেয়ে রবিবার সকালে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শেখ মো. জিন্নাহ আল মামুন, পাঁচবিবি সার্কেলের সহকারী পুলিশ সুপার তুহিন রেজা, কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, ৭ থেকে ৮ জনের একটি ডাকাত দল গভীর রাতে নাফসি তালুকদারের দ্বিতীয় তলা বাড়ির নিচতলায় গ্রিল কেটে ভেতরে ঢোকে। ডাকাত দলের সদস্যরা দ্বিতীয় তলায় গিয়ে প্রথমে গৃহকর্তা ও পরিবারের সদস্যদের মারপিটের পর হাত-পা ও চোখ বেঁধে ফেলেন। এরপর ডাকাতরা বাড়ির আসবাবপত্র তছনছ করে চারটি মুঠোফোন, নগদ টাকা ও স্বর্ণলংকার লুট করে পালিয়ে যায়। ডাকাতরা পালিয়ে যাওয়ার পর গৃহকর্তা ও পরিবারের অন্য সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাদের হাত-পা ও চোখের বাঁধন খুলে দেন।
গৃহকর্তা নাফসি তালুকদার বলেন, ভোর রাতে ৭-৮ জনের ডাকাত দল বাড়িতে ঢোকে। তাদের সবার হাতে চাপাতি ও লোহার রড ছিল। ডাকাতরা আমাকে, আমার স্ত্রী ও সন্তানদের হাত-পা ও চোখ বেঁধে ফেলেন। চিৎকার দিলে আমাদের সবাইকে খুন করবে বলে হুমকি দেন। ভয়ে আমরা চুপ ছিলাম। ডাকাতরা নগদ দেড় লাখ টাকা, ১০ ভরি স্বর্ণালঙ্কার ও মুঠোফোন লুট করে পালিয়ে যায়।
প্রতিবেশী সোহেল তালুকদার বলেন, রাতে চিৎকার শুনে নাফসি তালুকদার বাড়িতে গিয়ে দেখি সবার হাত-পা ও চোখ বাঁধা রয়েছে। আমরা তাদের মুক্ত করেছি।
কালাই থানার ওসি জাহিদ হোসেন বলেন, আজ সকালে বাড়িটি পরির্দশন করেছি। থানায় এখনও কোন অভিযোগ আসেনি। আমরা তদন্ত করছি। পরবর্তী সময়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।