মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫ ১৬:২৭ পিএম
আপডেট : ১০ আগস্ট ২০২৫ ১৬:৩২ পিএম
অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মাজার, মসজিদ, মাদ্রাসা বা এতিমখানাসহ কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা চালালে বা ধ্বংসের চেষ্টা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। মামলা হলেই আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেপ্তার করবে। রবিবার (১০ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের পাগলা মসজিদ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এসময় ধর্ম উপদেষ্টা বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে কিছু মাজারে হামলার ঘটনা ঘটেছে, যা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বিস্তারিত রিপোর্ট রয়েছে। তিনি মাজার ও মসজিদ কর্তৃপক্ষকে নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়ে সিসি ক্যামেরা স্থাপনের পরামর্শ দেন।
তিনি বলেন, ইতোমধ্যে বিভিন্ন স্থানে মামলা হয়েছে এবং কিছু ব্যক্তি গ্রেপ্তারও হয়েছে। এর আগে ধর্ম উপদেষ্টা কিশোরগঞ্জের নির্মাণাধীন জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করেন। পরে পাগলা মসজিদ ও ইসলামি কমপ্লেক্স ঘুরে দেখে মোতাওয়াল্লীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
ফান্ডে বর্তমানে ৯০ কোটিরও বেশি টাকা রয়েছে জানিয়ে তিনি বলেন, পাগলা মসজিদের দৃষ্টিনন্দন মাল্টি পারপাস ইসলামিক কমপ্লেক্সের কাজ দ্রুত শুরু হবে। নির্বাচনের আগেই তিনি ভিত্তিপ্রস্তর স্থাপনেরও প্রত্যাশা ব্যাক্ত করেন। এই কমপ্লেক্সে অনাথ-এতিমদের লেখাপড়া ও থাকার সুযোগসহ সমৃদ্ধ লাইব্রেরী ও আইটি সেকশন নির্মাণ করা হবে। এ ছাড়া দুরারোগ্য বাধিতে আক্রান্ত দুস্থ রোগীদের আর্থিক সহায়তা দেওয়া হবে।
এ সময় জেলা প্রশাসক ফৌজিয়া খানসহ জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তা ও পাগলা মসজিদের ইমাম ও মোতাওয়াল্লীরা উপস্থিত ছিলেন। পরে দুপুরে তিনি আল জামিয়াতুল এমদাদিয়া আয়োজিত ‘ইসলামী অর্থনীতির গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান দেন। সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে তার।