গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫ ১৬:০৩ পিএম
কলমেশ্বর এলাকায় সাবেক সিভিল সার্জন হাফিজুর রহমান খানের বাড়িতে ডাকাতি হয়েছে। প্রবা ফটো
গাজীপুর সিটি করপোরেশন কলমেশ্বর এলাকায় সাবেক সিভিল সার্জন হাফিজুর রহমান খানের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে দুই লাখ টাকা, ১২ ভরি স্বর্ণালংকার ও অন্যান্য সামগ্রী লুট করে পালিয়ে যায়। এসময় ডাকাতদের হামলায় তিনজন আহত হন।
গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত তিনটার দিকে ১০-১২ জনের ডাকাত দল বাড়ির সীমানাপ্রাচীর টপকিয়ে ভেতরে প্রবেশ করেন। পরে তারা বাড়ির মূল দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং কেয়ারটেকার হিজবুল্লাহকে মারধর করেন। এরপর তাকে খুঁটির সঙ্গে বেঁধে রেখে ডাকাতরা দ্বিতীয় তলায় ঢুকে যান। সেখানে চিকিৎসক হাফিজুর রহমানের স্ত্রীর গলায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে নগদ দুই লাখ টাকা, ১২ ভরি স্বর্ণালঙ্কার, ছয়টি মোবাইল ও তৈজসপত্র লুট করে পালিয়ে যান। এসময় ডাকাতদের হামলায় কেয়ারটেকারসহ তিনজন আহত হয়েছেন।
গাছা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ডাকাতরা যাওয়ার সময় বাড়ির সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে৷ তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।