রাজশাহী অফিস
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫ ১৩:১৫ পিএম
রাজশাহী মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রবা ফটো
বাধাহীন ও মুক্তভাবে দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন। রবিবার (১০ আগস্ট) দুপুর ২টায় রাজশাহী মহানগরীর কেন্দ্রীয় ঈদগা মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে এ সম্মেলনের উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এদিকে সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। সম্ভাব্য প্রার্থীরা কাউন্সিলর ও ভোটারদের মন জয়ে স্ব-স্ব অবস্থান থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সম্মেলন ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয়েছে পুরো রাজশাহী। সম্মেলন সফল করতে শেষ মুহূর্তের প্রস্তুতি। পুরো শহর সাজানো হয়েছে নতুন সাজে। ব্যানার, পোস্টার ও ফেস্টুনে ছেয়ে গেছে পুরো শহর। সম্মেলন কিরে দলটির নেতাকর্মীদের মাঝে ঐক্য দেখা গেছে।
কে হচ্ছেন নগর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক? তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।
এর আগে ২০২১ সালের ১০ ডিসেম্বরে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশাকে আহ্বায়ক ও মামুনুর রশিদ মামুনকে সদস্যসচিব করে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এর প্রায় সাড়ে তিন মাস পর আহ্বায়ক কমিটির পরিধি বাড়িয়ে ৬১ সদস্যে উন্নীত করা হয়। তারপর থেকে প্রায় সাড়ে তিন বছর ধরে আহ্বায়ক কমিটিতেই চলছে রাজশাহী মহানগর বিএনপি।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মো. গাজিউর রহমান জানান, বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে পুলিশের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও সাদা পোশাকের পুলিশ মাঠে থাকবে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা মোকাবেলার জন্য।