প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫ ২২:১৯ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৫ ২২:২১ পিএম
দেশে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগকে গুরুত্ব দিয়ে শনিবার (৯ আগস্ট) আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপিত হয়েছে। প্রতিবেদকদের পাঠানো খবর
গাইবান্ধা : গাইবান্ধায় উদযাপিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। শনিবার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের সাতানা আলোর ঘর স্কুল মাঠে এ উপলক্ষে আলোচনা
সভা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ‘আমরাই পারি’ ও
‘অবলম্বন’ যৌথভাবে এ আয়োজন করেছে। সকালে সাঁওতাল নারী-পুরুষরা ঐতিহ্যবাহী পোশাক পরে
বাদ্যযন্ত্রসহ বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদিবাসী নেত্রী লক্ষ্মী মুর্মু।
এতে বক্তৃতা করেন গাইবান্ধায় পরিবেশ আন্দোলনের সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, অবলম্বনের
নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, গাইবান্ধায় আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক
গোলাম রব্বানী মুসা, সাংস্কৃতিক কর্মী মানিক বাহার, নারী নেত্রী নাজমা বেগম, আদিবাসী
নেতা গৌড় চন্দ্র পাহাড়ি, সুশীল টপ্য, ইয়্থু অতীত সরেন ও আরিনা টপ্য প্রমুখ।
বক্তারা বলেন, আদিবাসী জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে দেশের
সার্বিক উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। তারা সাংবিধানিক স্বীকৃতি, অধিকার প্রতিষ্ঠা, সমতলের
আদিবাসীদের জন্য ভূমি কমিশন গঠন এবং ভাষা ও সংস্কৃতি রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার
জোরালো দাবি জানান।
বান্দরবান
: বান্দরবানের রাজার মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শনিবার দিবসটি উদযাপন করা হয়েছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে পাহাড়ি জনগোষ্ঠীর তরুণ-তরুণী, নারী-পুরুষ
ঐতিহ্যবাহী পোশাক পরে অনুষ্ঠানে সমবেত হন এবং তারা গণসংগীতে অংশ নেন। অনুষ্ঠান
শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কে এস মং।
সভায় বক্তারা পার্বত্য
চট্টগ্রাম শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়ন, আদিবাসীদের সাংবিধানিক
স্বীকৃতি, পার্বত্য এলাকায় অবৈধ বসবাসকারীদের উচ্ছেদ, বহিরাগতদের অবৈধভাবে ভূমি লিজ
প্রদান বাতিল এবং শিক্ষা,
ভূমি ও জীবনের অধিকার নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী
সরকারের প্রতি আহ্বান জানান।
বক্তৃতায় কে এস মং বলেন, বর্তমানে
নিরাপত্তা বাহিনীর ক্যাম্পের আশপাশে রোহিঙ্গাদের বসতি স্থাপন এবং অবৈধ জমি দখলের
প্রবণতা বাড়ছে। পাহাড়ে শত শত একর জমি রিসোর্ট ও পর্যটন ব্যবসার নামে বেদখল হয়ে
যাচ্ছে, যা পাহাড়িদের ভূমি অধিকারকে হুমকির মুখে ফেলছে।
আলোচনা সভায় সভাপতিত্ব
করেন ডা. উষাথোয়াই। বিশেষ অতিথি ছিলেন দৈনিক আমাদের সময় পত্রিকার নির্বাহী সম্পাদক
এহসান মাহমুদ,
বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম, বান্দরবান
জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট উবাথোয়াই মারমা প্রমুখ।
নাটোর : নাটোরে নানা আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক আদিবাসী দিবস
পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলা শাখার আয়োজনে শহরের
মাদ্রাসা মোড় এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান
সড়ক প্রদক্ষিণ করে এনএস সরকারি কলেজ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংগঠনটির
জেলা সভাপতি নরেশ উরাওয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রদীপ লাকড়ার সঞ্চালনায় আলোচনায়
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেনÑ শিক্ষাবিদ অলোক মৈত্র, শিক্ষাবিদ আব্দুর রাজ্জাক, জয়কালী
মন্দির কমিটির সভাপতি খগেন্দ্র নাথ সাহা, নাটোর সদরের জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি
বাবুল পাহান, আদিবাসী নেতা, শ্যামলাল তেলী, উত্তম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সাংবিধানিক স্বীকৃতি, পৃথক ভূমি কমিশন গঠনসহ আদিবাসীদের সব দাবি মেনে নিতে হবে। আদিবাসীদের অস্তিত্ব রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে। শিক্ষা-দীক্ষা, চাকরিসহ নানা খাতে আদিবাসীদেরকে অবদান রাখার সুযোগ দিতে হবে। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আদিবাসী শিল্পীরা অংশ নেন।