নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫ ১৬:১২ পিএম
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে নবীনগর প্রেসক্লাবের সদস্যরা। শনিবার (৯ আগস্ট) দুপুর ১টায় প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি এবং সঞ্চালনা করেন শাহনূর খান আলমগীর।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম, সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, প্রেসক্লাবের সাবেক সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, সাবেক সভাপতি জালাল উদ্দিন মনির, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল, সাবেক সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ, সাবেক তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পিয়াল হাসান রিয়াজ, সাংবাদিক আবু কাউছার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, তুহিন ছিলেন একজন সৎ ও সত্যনিষ্ঠ সংবাদকর্মী, যিনি দীর্ঘদিন নানা চাপ ও হুমকি উপেক্ষা করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে গেছেন। পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে, যা মুক্ত সাংবাদিকতার ওপর এক নির্মম আঘাত।
তারা হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, তুহিন হত্যার বিচার প্রক্রিয়া বিলম্বিত হলে দেশব্যাপী সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে নামবে। একইসঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান বক্তারা।