শেরপুর প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫ ১৫:৫৮ পিএম
শেরপুরের নালিতাবাড়ীতে চোরাইপথে আনা ২৯৭ বোতল ভারতীয় মদসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে পুালিশ। এসব মদের বাজার মূল্য প্রায় ৩৫ লাখ টাকা। শনিবার (৯ আগস্ট) সকালে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা এ তথ্য জানিয়েছেন।
এর আগে শুক্রবার মধ্যরাতে পাচারকালে শহরের ঢাকা বাস স্টেশন এলাকা থেকে এসব ভারতীয় মদ জব্দ করা হয়। টহলরত পুলিশের গাড়ি দেখে প্রাইভেটকারটি রেখে কারবারিরা পালিয়ে গেলে তাদের আটক করতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, চোরাচালান রোধে রাত্রীকালীন নিয়মিত টহলের অংশ হিসেবে ঢাকা-নালিতাবাড়ী মহাসড়ক পথে পুলিশের একটি পিকআপ নালিতাবাড়ী শহরের দিকে আসছিল। রাত সোয়া একটার দিকে ঢাকা বাস স্টেশনের দক্ষিণ পাশে আসা মাত্রই ঢাকাগামী একটি প্রাইভেটকার পুলিশের পিকআপ দেখে রাস্তার পাশে থাকা বাড়ির সামনে কারটি রেখে দ্রুত পেছনের জলাভূমি দিয়ে উধাও হয়ে যায় জড়িতরা। এসময় পুলিশের সন্দেহ হলে প্রাইভেটকারে তল্লাসী চালায়। তল্লাসীকালে পেছনের সিট ও ব্যাক ডালায় রাখা ১১ বস্তা বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করা হয়। এসব বস্তায় ২৯৭ বোতল ম্যাজিক মোমেন্ট, ইম্পেরিয়াল ব্লু, ম্যাগডুয়েলস ও রয়েল স্ট্যাগ মদ পাওয়া যায়। পরে পুলিশ প্রাইভেটকারসহ ওইসব মদ জব্দ করে থানা হেফাজতে নেয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করতে কাজ চলছে।