লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫ ১৫:৩০ পিএম
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের মৌলানাপাড়ায় পরিবারের সঙ্গে অভিমান করে রিয়াজ উদ্দীন (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শনিবার (৯ আগস্ট) সকালে ঘরের মধ্যে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। ধারণা করা হচ্ছে, শুক্রবার গভীর রাতে তিনি আত্মহত্যা করেছেন।
রিয়াজ উদ্দীন প্রবাসী সাহাব উদ্দীনের একমাত্র ছেলে। স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম আবুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পরিবার সূত্রে জানা যায়, রিয়াজ কিছুদিন আগে একটি অটোরিকশা চালাতেন। তবে সেটি বিক্রি করে পাওয়া টাকা শেষ হয়ে গেলে তিনি রাজমিস্ত্রীর কাজ শুরু করেন। বেশ কয়েকদিন ধরে তিনি মায়ের কাছে একটি নতুন সিএনজিচালিত অটোরিকশা কেনার আবদার করে আসছিলেন। কিনে না দিলে আত্মহত্যার হুমকিও দেন। মা তাকে আশ্বস্ত করেছিলেন যে, বাবা বিদেশ থেকে ফিরলেই সিএনজিচালিত অটোরিকশা কিনে দেবেন। কিন্তু রিয়াজ অপেক্ষা না করে শুক্রবার গভীর রাতে ঘরের টিনের চালের বিমে গলায় ফাঁস লাগান।
শনিবার ভোরে মা ও বোন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে চুনতি পুলিশ ফাঁড়ির এসআই জিয়াউল হুদা ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে লোহাগাড়া থানায় নিয়ে যান।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।