রংপুর অফিস
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫ ১৩:০৬ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৫ ১৪:৪১ পিএম
শনিবার (৯ আগস্ট) সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিন। প্রবা ফটো
দেশে নির্বাচন কমিশন, নির্বাচন পরিচালনাকারী পুলিশ, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে এমন কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন। তারা দেখেছেন, এসব প্রতিষ্ঠান ঠিকমত কাজ করে না। তাই তাদের ওপর আস্থা ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
শনিবার (৯ আগস্ট) সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের কনফারেন্স রুমে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, বিগত নির্বাচনে দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, শিক্ষকদের নিয়ে সিরিয়াসলি ভাবছি। আমরা চেষ্টা করছি, যথাসাধ্য তাদের ব্যবহার না করা। কিন্তু আমরা তো নতুন করে কাউকে নিয়োগ দিতে পারব না, বিদেশ থেকে মানুষকে আমদানি করতে পারব না। দেশের মানুষকে দিয়েই নির্বাচন করতে হবে। ওদের মধ্যে থেকে এদিক-ওদিক করতে হবে।
তিনি বলেন, আমার যতক্ষণ পর্যন্ত হুঁশ রয়েছে, ততক্ষণ পর্যন্ত আমি কারও পক্ষে থাকব না। নির্বাচনের আইন-কানুন মেনে প্রফেশনালি ও নিরপেক্ষভাবে নির্বাচন করতে আমরা ওয়াদাবদ্ধ। আমি অফিসারদের এটি নিয়ে মোটিভেট করছি। আমার মনে হয় তারাও কারও পক্ষের হয়ে কাজ করবে না। তারা দেশের ১৮ কোটি জনগণের পক্ষে কাজ করবে।
তিনি আরও বলেন, আমরা নির্বাচন নিয়ে সচেতনতা কার্যক্রম চালাব। আমাদের সকল কার্যক্রমের মাধ্যমে আশ্বস্ত করব একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের। সকল দলের জন্য নির্বাচনের মাঠ সমতল থাকবে। তারা নির্বাচনের সমতল মাঠ দেখে বিবেচনা করবে বলে আমি প্রত্যাশা করছি। আর যাদের নির্বাচন নিয়ে আগ্রহ নেই কোনো প্রমাণ ছাড়া তাদের দেশদ্রোহী বলা যাবে না।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ইদানীং অনেকে মোবাইল নিয়ে কোনো প্রশিক্ষণ ছাড়াই ফেসবুক সাংবাদিক হচ্ছে। এআই ব্যবহার করে প্রধান উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশনারসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি দিয়ে যা ইচ্ছা তাই লিখে ফেসবুকে ছেড়ে দিল। সেই পোস্ট মানুষ যাচাই-বাছাই না করে দ্রুত ছড়িয়ে দিচ্ছে। এটি হলে সংশ্লিষ্ট ব্যক্তির পক্ষে তা রিকভার করা সম্ভব হয় না। তাই ফ্যাক্ট চেক করে মন্তব্য করতে হবে।
এরপর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদারের সভাপতিত্বে প্রধান নির্বাচন কমিশনার রংপুর বিভাগের ৮ জেলার জেলা-উপজেলা পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।