বেনাপোল প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫ ১২:১৬ পিএম
বেনাপোলের পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও দুইটি ম্যাগাজিনসহ আক্তারুল ইসলাম (৪০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৯ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খুরশিদ আনোয়ার। আটক আক্তারুল ইসলাম পুটখালী গ্রামের উত্তরপাড়ার আতিয়ার রহমান বাবুর ছেলে।
তিনি জানান, গোপন খবরে তারা জানতে পারেন আক্তারুল নামে এক অস্ত্র ব্যবসায়ী সীমান্তের পুটখালী গ্রামের উত্তরপাড়ায় অস্ত্র বিক্রি করছে। এমন খবরের ভিত্তিতে বিজিবির একটি দল শুক্রবার রাত ১০টার দিকে ওই গ্রামে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও দুইটি ম্যাগাজিনসহ তাকে আটক করে।
তার বিরুদ্ধে অস্ত্র-আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।