গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫ ২২:৩২ পিএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৫ ২২:৩৪ পিএম
দীর্ঘ ৫০ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) রোভার স্কাউট গ্রুপের দীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে। তিন দিনব্যাপী ‘বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান-২০২৫’ শুরু হয়েছে গাজীপুরের বাহাদুরপুরে অবস্থিত রোভার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে।
শুক্রবার (৮ আগস্ট) সকাল দীক্ষা অনুষ্ঠান উদ্বোধন করা হয়। গ্রুপ সম্পাদক ও প্রধান রোভার স্কাউট লিডার ড. মুমিত আল রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ও ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সভাপতি অধ্যাপক ড. সায়মা হক বিদিশা।
ড. সায়মা হক বিদিশা বলেন, স্কাউটিং তরুণদের শৃঙ্খলা, নেতৃত্ব ও মানবিকতা শেখায়। রোভারদের এই অভিজ্ঞতা জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক রোভার স্কাউট ফোরামের (ডুরসেফ) সভাপতি মোহাম্মদ শাহজাহান, আয়োজক কমিটির আহ্বায়ক ও গার্ল-ইন-রোভার স্কাউট লিডার ড. ফাতিমা আক্তার, ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক রোভার স্কাউট ফোরামের সাধারণ সম্পাদক জহির আহমেদ সরকার, বাংলাদেশ স্কাউটসের জাতীয় নির্বাহী কমিটির সাবেক কোষাধ্যক্ষ ফজলুল হক আরিফ (পিআরএস), সাবেক আঞ্চলিক উপকমিশনার আসাফ উদ দৌলা (পিআরএস, এএলটি), ড. মীর শরীফুল ইসলাম, একরামুল হুদা ও মিসেস তানজিনা বিনতে নূর। এ ছাড়া সাবেক সিনিয়র রোভার মেটদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ মোহাম্মদ সিয়াম, আলী আকবর, কাজী মাসুদ (পিআরএস), উবাদুল্লাহ রিদওয়ান, শাকিল হাসান ও সারতাজ শাহাদৎ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র রোভার মেট জয়নাল আবেদীন।
গ্রুপ সম্পাদক ড. মুমিত আল রশিদ বলেন, এই আয়োজন রোভারদের দক্ষতা উন্নয়ন, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি ও দলগত চেতনা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।