খুলনা অফিস
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫ ২২:২৯ পিএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৫ ২২:৩৩ পিএম
কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে পূর্বেকার সরকারের ‘ডামি নির্বাচনের’ জবাব দিতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গণঅভ্যুত্থানপন্থি সব রাজনৈতিক দলের ঐক্যের আহ্বান জানান তিনি।
শুক্রবার (৮ আগস্ট) খুলনার রূপসা উপজেলার নৈহাটী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ‘১৬ দলীয় একাডেমি চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে সম্প্রীতি ও শান্তির। যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে খেলাধুলার প্রসারের ওপরও গুরুত্ব দেন হেলাল।
আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ ও নৈহাটী সান স্পোর্টিং ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় ডুমুরিয়ার আছাদ ফুটবল একাডেমি ২-১ গোলে খুলনা ফুটবল একাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সান স্পোর্টিং ক্লাবের স্বত্বাধিকারী মঈনুল ইসলাম টুটুল। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, সদস্য সচিব শেখ আবু হোসেন বাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম।