নাটোর প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫ ১৯:৪০ পিএম
নাটোরের লালপুরে সাইদুর রহমান (৩৫) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ১০টায় গোপালপুর-লালপুর সড়কের গোপালপুর মিলস্ হাইস্কুলের পাশের রাস্তা থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় ঘটনাস্থলের পাশে ছিল একটি সাদা রঙের প্রাইভেটকার। নিহত সাইদুর প্রাইভেটকারের চালক ছিলেন বলে জানায় পুলিশ। তিনি কুষ্টিয়ার ভেড়ামারা রেলগেট এলাকার বামনগ্রাম গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রাইভেটকারটি কুষ্টিয়ার ভেড়ামারা থেকে বনপাড়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে গোপালপুর রেলগেট এলাকায় দুর্বৃত্তরা প্রাইভেটকার থামিয়ে গাড়ির ভেতরই চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গলা কেটে পালিয়ে যায়। চালক রক্তাক্ত অবস্থায় গাড়ির ভেতর থেকে বের হতে গিয়ে গাড়ির পাশে পড়ে মারা যান। রাস্তার পাশে নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা দ্রুত পুলিশে খবর দেন। পরে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় জানান, রাত ১০টায় নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুল সংলগ্ন রাস্তার পাশে এক যুবকের সঙ্গে কয়েকজনের ধ্স্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে তাদের মধ্যে থেকে চিৎকার শোনা যায়। পরে স্থানীয়রা এগিয়ে গেলে অজ্ঞাত এক যুবককে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার এবং পরিচয় শনাক্ত করেন।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতে খায়ের আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। তিনি গাড়ি থেকে নেমে প্রাণ বাঁচানোর চেষ্টা করেছিলেন, তবে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি বলেন, প্রাইভেটকারটি কুষ্টিয়া থেকে এসেছে বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে। গাড়িতে থাকা এক যাত্রীকে হেফাজতে নেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।