নড়াইল প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫ ১৮:২৪ পিএম
নড়াইলের লোহাগড়া পৌরসভা এলাকার একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় সোয়েবুর খান (৪৩) নামে এক রাজমিস্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৮ আগস্ট) দুপুর ১টার দিকে মাইটকুমড়া গ্রামের একটি পুকুর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। সোয়েবুর মাইটকুমড়া গ্রামের ইউনুস খানের ছেলে, পেশায় রাজমিস্ত্রী ছিলেন।
নিহতের পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার রাতে সোয়েবুর পৌরসভা গেট এলাকার মাসুমের দোকানে মধ্যরাত পর্যন্ত কেরাম খেলেন। রাত গভীর হলেও তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন সকাল থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরবর্তীতে শুক্রবার দুপুরে স্থানীয়রা মাইটকুমড়া গ্রামের এক পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠায়। তিনি আরও বলেন, ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।