বোয়ালমারী(ফরিদপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫ ১৮:২১ পিএম
ফরিদপুরের বোয়ালমারীতে চলাচলের সড়কে পাট শুকানো বাঁশ পুতাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (৮ আগস্ট) সকাল ৮ টার দিকে উপজেলার শেখর ইউনিয়নের বাজিদাদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় উভয়পক্ষের ৭জনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের বাজিদাদপুর গ্রামের নীতিশ কুমার বালা ও জগদ্বীশ কুমার বিশ্বাসের মধ্যে বাড়ির সামনে রাস্তা সংলগ্ন জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ বৈঠক বসে। সম্প্রতি সালিশ মীমাংসা করে সীমানা নির্ধারণ পিলার বসিয়ে দেওয়া হয়। শুক্রবার সকালে জগদিশ বিশ্বাসরা সড়কের উপর বাঁশ পুঁততে গেলে প্রতিপক্ষ নীতিশ কুমার বালার লোকজন বাঁধা দেয়। এ সময় দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
শেখর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবু সাইদ (পান্নু) জানান, ঘটনাস্থলে গিয়ে দুইপক্ষকে নিবৃত করার চেষ্টা করি। সংঘর্ষ থেমে যাওয়ার খবর পেয়ে টহল পুলিশ অর্ধেক পথ থেকে ফিরে গেছেন।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে যাচ্ছিল, তবে সংঘর্ষ থেমে যাওয়ায় তারা ফিরে এসেছেন। এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।