× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টানা বৃষ্টিতে জলমগ্ন বগুড়া

বগুড়া অফিস

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫ ১৬:১৬ পিএম

 টানা বৃষ্টিতে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের সামনে পানি জমে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। প্রবা ফটো

টানা বৃষ্টিতে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের সামনে পানি জমে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। প্রবা ফটো

টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়েছে বগুড়া শহর। নোংরা নালার পানি ঢুকে পড়েছে শহরের সড়ক, বাজার, দোকানপাট এমনকি শিক্ষাপ্রতিষ্ঠান পর্যন্ত। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন।

সেউজগাড়ি, সবুজবাগ, জামিলনগর, জহুরুলনগর, বাদুড়তলা, আটাপাড়া, চকসূত্রাপুর, খান্দার, ফুলতলা ও সাতমাথাসহ শহরের বহু এলাকা ইতোমধ্যে হাঁটুপানি বা তার চেয়েও বেশি পানিতে তলিয়ে গেছে।

স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে না ওঠায় বর্ষা এলেই শহরজুড়ে দেখা দেয় এই নাজুক পরিস্থিতি। পানি নামতে সময় লাগায় ঘরবাড়ি ও রাস্তা ডুবে থাকে নোংরা পানিতে।

বাদুড়তলার বাসিন্দা আবদুল মালেক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘প্রতি বছরই বর্ষা আসলে ঘর-বাড়ি পানির নিচে। পৌরসভায় বললেও কাজ হয় না।’

জহুরুলনগরের গৃহিণী সেলিনা আক্তার বলেন, ঘরের উঠান ভরে গেছে দুর্গন্ধযুক্ত পানিতে। বাচ্চাদের স্কুলে পাঠানো যাচ্ছে না। সারাদিন দরজা-জানালা বন্ধ রাখতে হচ্ছে।

সবচেয়ে সংকটাপন্ন অবস্থায় আছে সরকারি আজিজুল হক কলেজ। কলেজ চত্বরে মাঠ থেকে প্রশাসনিক ভবন পর্যন্ত হাঁটুপানি জমে আছে। চলমান এইচএসসি, ডিগ্রি ও অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থীরা ভেজা পায়ে কেন্দ্রে যাচ্ছেন। এইচএসসি পরীক্ষার্থী ফারজানা হক বলেন, ‘জুতো খুলে পানি পেরিয়ে হলে যেতে হয়। পরীক্ষা শেষে শুকনো পা নিয়ে ফিরতেও পারি না।’

আরেক পরীক্ষার্থী সোহেল রানা বলেন, ‘রিকশা চালকেরা ২০ টাকা চাইছেন গেট থেকে ভবন পর্যন্ত। রিকশাও ঠিকমতো পাওয়া যাচ্ছে না।’

শুধু শিক্ষার্থী নয়, শিক্ষক ও কর্মচারীরাও এই জলাবদ্ধতায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন। কলেজের এক কর্মচারী বলেন, সকাল থেকে পানি পেরিয়ে অফিসে ঢুকতে হয়। সারাদিনই কাদা আর দুর্গন্ধের মধ্যে কাজ করতে হচ্ছে।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শওকত আলম মীর বলেন, কলেজ এলাকা নিচু হওয়ায় আশপাশের চারটি ওয়ার্ডের পানি এসে জমে। বহুবার কর্তৃপক্ষকে জানিয়েছি, স্থায়ী সমাধান হয়নি।

এদিকে বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ আলম জানান, ৫ আগস্ট ৮৩ মিলিমিটার, ৬ আগস্ট ১২ দশমিক ২ মিলিমিটার এবং ৭ আগস্ট ৪৮ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগামী কয়েক দিনেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

হঠাৎ ভারী বর্ষণের সঙ্গে অপরিকল্পিত নগরায়ন ও ভগ্ন ড্রেনেজ ব্যবস্থার কারণে জলাবদ্ধতা দ্রুত বেড়ে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বগুড়া পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার উপপরিচালক মাসুম আলী বেগ বলেন, জলাবদ্ধতা নিরসনে ৩০ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। একশটি আউটফল পরিষ্কারের কাজও চলছে। এছাড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দেড়শো কোটি টাকার একটি প্রকল্পের প্রক্রিয়া শুরু হয়েছে। সমন্বিতভাবে কাজ করলেই এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা