খুলনা অফিস
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫ ১৭:৫২ পিএম
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেল থেকে মাদক মামলায় আটক ইউসুফ (২৩) পালিয়ে গেছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোররাতে ঘটনাটি ঘটেছে। ইউসুফ খালিশপুর থানার আলমনগর মোড় এলাকার বাসিন্দা।
প্রিজন সেলের ইনচার্জ এসআই শামীম রেজা জানান, সেলে থাকা দুই আসামির মধ্যে একজন বয়স্ক বন্দি রাত সাড়ে তিনটার দিকে বাথরুমে যাওয়ার কথা বলেন। দায়িত্বরত কনস্টেবল রাব্বি আলী তার জন্য দরজার তালা খুলে দেন এবং বাথরুমে নিয়ে যান। কিন্তু তিনি তালাটি পুনরায় বন্ধ করতে ভুলে যান। ফেরার পর দেখা যায়, অপর আসামি ইউসুফ পালিয়ে গেছে। এ সময় প্রিজন সেলের বাইরের গেটেও তালা খোলা ছিল। ফলে তিনি পালিয়ে যেতে সক্ষম হন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. আবু তারেক জানান, প্রিজন সেলের অপরপ্রান্তে কারারক্ষীদের অবস্থানের স্থান। সেই গেটে তালা না থাকার সুযোগে রাত সাড়ে তিনটার দিকে হাসপাতালের প্রিজন সেল থেকে মাদক মামলার আসামি ইউসুফ পালিয়ে যান। ওই আসামিকে গ্রেপ্তারে বিভিন্নস্থানে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় দায়িত্বরত ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, বুধবার দুপুরে নগরীর আলমনগর মোড় থেকে ২০ পিস ইয়াবাসহ ইউসুফকে গ্রেপ্তার করে খালিশপুর থানা পুলিশ। এ ঘটনায় রাতেই খালিশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা হয়। রাতে বুকে ব্যথা অনুভব হলে তাকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ।