শেরপুর প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫ ১৭:২৭ পিএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৫ ১৯:৫৪ পিএম
শেরপুরের ঝিনাইগাতীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস পুকুরে উল্টে গেছে। এতে তিন মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেনে আরও ১৫ জন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকালে শেরপুর-ঝিনাইগাতী সড়কের খৈলকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন দুর্ঘটনার তথ্যটি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শেরপুর থেকে ছেড়ে আসা আকাশ বিকাশ পরিবহনের একটি বাস ১৫-২০ জন যাত্রী নিয়ে ঝিনাইগাতী যাচ্ছিল। পথে খৈলকুড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা যাত্রীদের উদ্ধারের চেষ্টা করে। এসময় এক শিশু নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লোকজন এসে উদ্ধার অভিযান চালায়। পরে শিশুটির মরদেহ উদ্ধার করে।
দুর্ঘটনায় আহতদের স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঝিনাইগাতী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, পুকুর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।