মেহেরপুর প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫ ১৫:৫২ পিএম
মাদকদ্রব্য আনতে গিয়ে বিজিবি সদস্যদের দেখে পানিতে লাফ দেওয়া যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর বিল থেকে মিঠু ওরফে বাবু (৪০) নামে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। বাবু মেহেরপুর শহরের পেয়াদাপাড়ার শুকুর আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মেজবাহ উদ্দিন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাদকাসক্ত বাবুসহ পাঁচ মাদকসেবী বুধবার সন্ধ্যার দিকে সদর উপজেলার বাজিতপুর সীমান্ত এলাকায় মাদকদ্রব্য আনতে যান। এ সময় বাজিতপুর বিজিবির একটি দল ওই এলাকার টহল দিচ্ছিল। বিজিবির টহল দলকে দেখে চারজন পালিয়ে গেলেও বাবু হরিরামপুর বিলে ঝাঁপিয়ে পড়ে আর উঠতে পারেননি। পরে পানিতে ডুবে তার মৃত্যু হয়।
বাবুর পরিবার সূত্রে জানা গেছে, বুধবার বিকেলের পর বাবু বাড়ি থেকে বের হয়। রাতে আর ফিরে না আসায় তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। সকালের দিকে হরিরামপুর বিলে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে বাবুর মরদেহ উদ্ধার করে।
বুড়িপোতা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য হরিরামপুর গ্রামের বাসিন্দা আছেদ আলী বলেন, বুধবার সন্ধ্যার দিকে বিজিবি সদস্যরা আমাকে ডেকে নেন। তারা বলেন, পাঁচজন ছিল, চারজন পালিয়ে গেলেও একজনের খোঁজ পাওয়া যাচ্ছে না।
বাবু পানিতে ঝাঁপ দিয়েছে বিজিবি সদস্যরা এমন কথা বলার পর রাতেও আমরা আশেপাশে এলাকায় খোঁজাখুঁজি করি। কিন্তু তাকে পাওয়া যায়নি। পরে সকালের দিকে বিলের উত্তর পাশে তার লাশ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মেজবাহ উদ্দিন বলেন, হরিরামপুর বিল থেকে ভাসমান অবস্থায় একটি লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।
এদিকে খবর পেয়ে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ খাইরুল ইসলাম, মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল করিম, মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মেজবাউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।