নারায়ণগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫ ১৫:৩১ পিএম
নারায়ণগঞ্জ শহরের উকিলপাড়া এলাকায় ফুটপাতের দখল নিয়ে ঝগড়ায় এক হকারের মারধরে বিমান ওরফে ইমান নামের আরেক হকার নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। ইমান সিদ্ধিরগঞ্জের জালকুঁড়ি এলাকার মৃত লুৎফরের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
নিহত ইমানের স্ত্রী রোকেয়া বেগম জানান, তার স্বামী উকিলপাড়া ফুটপাতে মেহেদী, ফুল বিক্রি করেন। গত কয়েকদিন ধরে আফজাল নামে এক হকার নেতা বিমানের জায়গায় গাউছকে বসানোর পায়তারা করছেন। আজ সকালে (বৃহস্পতিবার) বিমান ওই জায়গায় মেহেদী বিক্রি করছিলেন। পরে গাউছ এসে তার মেহেদী ফেলে দেন। এ নিয়ে তর্কের এক পর্যায়ে গাউছ বিমানকে ঘুষি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে শহরের তিনশ’ শয্যা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই বিনয় বাড়ৈ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত ও অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।