চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫ ১৩:১৯ পিএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৫ ১৩:৪৯ পিএম
নগরীর বায়েজিদ বোস্তামী সড়কের ওপর নির্মিত একটি সেতু ভেঙে দুই ভাগ হয়ে যায়। প্রবা ফটো
চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী সড়কের ওপর নির্মিত একটি সেতু ভেঙে দুই ভাগ হয়ে গেছে। এতে সড়কের এক পাশ দিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তবে আরেকপাশে সীমিতভাবে যান চলাচল করছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ছয়টার দিকে অক্সিজেন এলাকার স্টার শিপ গলি সংলগ্ন অংশে এ ভাঙন হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান। তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ভারী বর্ষণের কারণে পানির প্রবল চাপেই সেতুটি ভেঙে গেছে। ১৯৮০ সালের দিকে সেতুটি ইট দিয়ে তৈরি করা হয়েছিল। তাই সেতুটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় খাল প্রশস্ত হওয়ায় পানিপ্রবাহ বেড়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে সেতুটির পাশ থেকে মাটি সরে যেতে থাকে। এতে সেতুটির এক পাশ দুর্বল হয়ে পড়ে। আজকে ভারী বর্ষণে সেতুটি সম্পূর্ণভাবে ভেঙে গেছে। ইতোমধ্যে চসিক মেয়রসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।
ভেঙে যাওয়া সেতুটি অক্সিজেন থেকে নগরীর ২ নম্বর গেটমুখী সড়কে অবস্থিত। সড়কটিতে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ ও যানবাহন চলাচল করে। এর আশপাশে রয়েছে বহু পোশাক কারখানা, শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠান। জনদুর্ভোগ কমাতে সেতুটি দ্রুত পুনর্নির্মাণ করা জরুরি বলে জানিয়েছেন স্থানীয়রা।
তবে চসিক সূত্রে জানা যায়, ঝুঁকিপূর্ণ বিবেচনায় আগেই সেতুটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। ইতোমধ্যে পাঁচ কোটি টাকার প্রাক্কলন করে দরপত্র আহ্বানেরও প্রস্তুতি চলছিল। তাই সেতুটি নির্মাণে দ্রুত নির্মাণকাজ করারও আশ্বাস দিয়েছেন প্রকৌশলীরা।
ঘটনাস্থলে থাকা বায়েজিদ বোস্তামী থানার উপ-পরিদর্শক শামসুল ইসলাম বলেন, সেতুটি ভেঙে যাওয়ায় সড়কের একপাশ দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। আরেকপাশও ঝুঁকিপূর্ণ। ওই পাশও ধসে পড়ার সম্ভাবনা রয়েছে। তাই ওইপাশ দিয়ে সীমিতভাবে গাড়ি চলাচল করতে দেওয়া হচ্ছে।