সিলেট অফিস
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫ ২১:০৭ পিএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৫ ২১:১৮ পিএম
সিলেটে সড়কে মৃত্যু থামছে না। আইনের সঠিক প্রয়োগের অভাবে পরিবহন খাতের বিশৃঙ্খলা শেষ হচ্ছে না। এতে সিলেটের সড়কগুলো দিন দিন আরও বিপজ্জনক হয়ে উঠছে। প্রতি বছর শত মানুষ প্রাণ হারাচ্ছে বা আহত হচ্ছে।
নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির প্রকাশিত প্রতিবেদনে জুলাই মাসে সিলেট বিভাগে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৬১ জন আহত হয়েছে উল্লেখ করা হয়। নিহতদের মধ্যে ১০ জন মোটরসাইকেলের চালক ও আরোহী রয়েছে। সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা হয়েছে সিলেট জেলায় ও কম হয়েছে মৌলভীবাজার জেলায়। জুলাই মাসে সিলেট জেলায় ১০টি সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত ও ৩৭ জন আহত হয়েছে। সুনামগঞ্জ জেলায় ৬টি সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত ও ১২ জন আহত হয়েছে।
মৌলভীবাজার জেলায় চারটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও দুজন আহত এবং হবিগঞ্জ জেলায় ছয়টি সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত ও ১০ জন আহত হয়েছে।
নিসচা কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, জুলাই মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ১০ জন মোটরসাইকেল চালক ও আরোহী ও ছয়জন সিএনজি ও লেগুনা চালক ও আরোহী ও ১২ জন চালক ও দুজন পথচারী রয়েছেন। এ ছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ছয়টি দুর্ঘটনায় চারজন, মুখোমুখি সংঘর্ষে ১৪টি দুর্ঘটনায় ১৫ জন নিহত, বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কায় দুটি দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। জুলাই মাসে নিহত ২৬ জনের মধ্যে ২১ জন পুরুষ, তিনজন নারী ও দুজন শিশু রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এর আগে জুনে সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ২৮ জন নিহত ও ৪৮ জন আহত হয়।