ফেনী প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫ ১৮:৪৮ পিএম
ফেনী শহরের বিজয় সিংহ এলাকায় ডাকাতি, দস্যুতা, ছিনতাই ও চুরি বেড়েছে সম্প্রতি। এরই মধ্যে মোট ১০ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকেও গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (৬ আগস্ট) দুপুরে র্যাব ফেনী ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায়।
গ্রেপ্তারকৃত মো. নজরুল ইসলাম মামুন ফেনী সদর উপজেলার চাড়িপুর এলাকার মৃত পেয়ার আহম্মদের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে ফেনী মডেল থানার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. নজরুল ইসলাম মামুন ফেনী শহরের বিজয় সিংহ এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে গত ৫ আগস্ট সন্ধ্যায় র্যাবের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত নজরুল ইসলাম মামুনের বিরুদ্ধে ফেনী সদর ও চট্টগ্রাম মহানগরীর বন্দর থানায় ডাকাতি, দস্যুতা, ছিনতাই এবং চুরিসহ মোট ১০টি মামলার তথ্য পাওয়া গেছে।
এ ব্যাপারে র্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন বলেন, গ্রেপ্তারকৃতকে আইনানুগ ব্যবস্থার জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।