মানবিক উদ্যোগ
খুলনা অফিস
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫ ১৮:২৪ পিএম
খুলনার পাইকগাছা উপজেলার নগর শ্রীরামপুরে জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীনের অন্ধত্ব রোধে সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ ক্যাম্পে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। তার মানবসেবার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে বুধবার (৬ আগস্ট) দিনব্যাপী সুন্দরবন উপকূলবর্তী পাইকগাছা ও কয়রার দরিদ্র মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা প্রদান করা হয়।
সাইটসেভার্সের অর্থায়নে ব্র্যাক ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ডাক্তার-নার্সদের সমন্বয়ে গঠিত ১২ জনের মেডিকেল টিম চক্ষু রোগীদের চিকিৎসাসেবা প্রদান ও ছানি বাছাই করে। বাছাই করা রোগীদের পর্যায়ক্রমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হবে। ছানি অপারেশনের পর কালো চশমা ও ১ মাসের ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়।
এই ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন আনোয়ার আলদীন।
এ সময় তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সাধারণ মানুষের জন্য এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বহু মানুষ চোখের নানা ধরনের দৃষ্টি সমস্যায় ভুগছেন। কিন্তু অনেকেই অর্থাভাবে চিকিৎসা নিতে পারছেন না। তাই, আমরা বিনামূল্যে চক্ষু ক্যাম্পের আয়োজন করি। এ আয়োজনে সব শ্রেণির মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। আগামীতে এ ধরনের কার্যক্রম আরও অনুষ্ঠিত হবে বলে জানান।
এই চক্ষু চিকিৎসাসেবা ক্যাম্পে পাইকগাছা ও কয়রা উপজেলাসহ আশপাশ এলাকার গবিব দুঃস্থসহ সর্বস্তরের মানুষ প্রয়োজন অনুযায়ী ফ্রি চিকিৎসা সুবিধা গ্রহণ করেন। ক্যাম্পে আগত রোগীদের ফ্রি চোখের পরীক্ষা, অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ দ্বারা পরামর্শ, চিকিৎসা, প্রয়োজন অনুযায়ী ফ্রি চশমা ও ওষুধ প্রদান এবং নির্বাচিত রোগীদের ফ্রি ক্যাটারাক্ট (ছানি) অপারেশনের বন্দোবস্ত করা হয়।

ছানিজনিত কারণে যে সকল রোগী দৃষ্টিশক্তি হারিয়েছেন, তাদের চোখের ছানি অপারেশন এবং (আইএলও) লেন্স স্থাপনের লক্ষ্যে ছানি রোগী শনাক্তকরণ করা হয়। রোগী শনাক্তকরণের ক্ষেত্রে বিনামূল্যে রোগীর প্রয়োজনীয় কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়।
চিকিৎসা নিতে আসা আনোয়ারা খাতুন বলেন, চোখে সমস্যা ছিল, কিন্তু টাকা না থাকায় চিকিৎসা করাতে পারিনি। আজ ফ্রি ক্যাম্পে এসে ডাক্তার দেখালাম, অপারেশনের সুযোগও পেলাম। আল্লাহ যেন তাদের ভালো রাখেন। এমন উদ্যোগ গরিবদের জন্য আশীর্বাদ। ভবিষ্যতেও এ কার্যক্রম চলমান থাকুক এ প্রত্যাশা এলাকাবাসীর।
ফ্রি ক্যাম্পে ডাক্তার ছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির অন্যতম সিনিয়র নেতা কে এম আশরাফুল আলম নান্নু, শেখ সামসুল আলম পিন্টু, আবুল হোসেন, তুষার কান্তি মন্ডল, শেখ আনারুল ইসলাম, মীর শাফায়েত হোসেন, আকিজ উদ্দিন, শহিদুল ইসলাম প্রমুখ।
রোগীদের চিকিৎসা প্রদান করেন ডা. হাফিজুর রহমান আশিক, ডা. আসিফ হাসান, ডা. হাবিবুল্লাহ, ডা. অয়ন, ডা. আশিক, ডা. ফুয়াদ প্রমুখ।
উল্লেখ্য, আনোয়ার আলদীন দীর্ঘদিন ধরে অত্র অঞ্চলে বহুবিধ দাতব্যমূলক, কল্যাণমূলক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।