সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫ ১৮:১৬ পিএম
প্রতীকী ছবি
গাইবান্ধার সুন্দরগঞ্জে বিরোধপূর্ণ জমির দখল নিতে গিয়ে মনজিল মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সংঘর্ষে উভয়পক্ষে আহত হয়েছেন অন্তত ১২ জন। বুধবার (৬ আগস্ট) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বুধবার সকালে শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছি শান্তিরাম গ্রামের মৃত আঃ বাকীর ছেলে জাহেদুল ইসলামের দখলীয় জমি প্রতিপক্ষ মহব্বত আলীর ছেলে মনজিল দখল নিতে যান। এতে দুইপক্ষের সংঘর্ষ বাধে। সংঘর্ষে মনজিল মিয়া ঘটনাস্থলেই নিহত হন। এতে নারী ও শিশুসহ উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়ে বিভিন্ন স্থানে চিকিৎসাধীন রয়েছেন।
ইউপি সদস্য মুঠু মিয়া জানান, ওই জমি জাহেদুলরা যুগ যুগ ধরে ভোগদখল করছেন। এ জমিতে স্বত্ব দাবি করে মনজিলরা দখল নিতে গেলে দুইপক্ষের সংঘর্ষ বাধে। এতে মনজিল মিয়া নিহত এবং উভয়পক্ষের কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। এ জমি নিয়ে আদালতে মামলা-মোকদ্দমা চলছে বলে তিনি জানান।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম আজাদ জানান, সকালে জমি নিয়ে দুইপক্ষের মারামারিতে নিহত মনজিল মিয়ার মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষে হত্যা মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।