কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫ ১২:৩৩ পিএম
প্রতীকী ছবি।
কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইনানী-পাটুয়ারটেক মেরিন ড্রাইভ সৈকত থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ আগস্ট) সকাল ৮ টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মেরিন ড্রাইভের ইনানী-পাটুয়ারটেক সৈকত থেকে আনুমানিক ৫০০ মিটার পূর্ব দিকে এক অজ্ঞাত ব্যক্তির মৃত দেহ ভেসে আসে। পরবর্তীতে স্থানীয় লোকজন দেখতে পেয়ে ইনানী পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত দেহ উদ্ধার করে। এখন পর্যন্ত মৃত দেহ শনাক্ত করা সম্ভব হয় নি।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৩০ বছর। তাঁর পরনে কোনো কাপড় ছিল না। মুখে তিনটি ক্ষতচিহ্ন রয়েছে। সৈকতের বালিয়াড়িতে মরদেহটি পড়ে ছিল।
ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় সরকার বলেন, সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণটি নিশ্চিত হওয়া যাবে। ওই ব্যক্তির পরিচয় শনাক্তেরও চেষ্টা করা হচ্ছে।