ফেনী প্রতিবেদক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫ ১৫:৪২ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৫ ১৬:০৮ পিএম
উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই বিজয় র্যালিতে অতর্কিত হামলার ঘটনা ঘটে। প্রবা ফটো
গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ফেনীর দাগনভূঞা উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত বিজয় র্যালিতে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (০৫ আগস্ট) সকালে দাগনভূঞা পৌর শহরের জিরোপয়েন্টে এ হামলার ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকালে দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপি গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে এ বিজয় র্যালির আয়োজন করে। শান্তিপূর্ণ র্যালিটি চৌমুহনী রোড থেকে দাগনভূঞা পৌর শহরের জিরোপয়েন্টে পৌঁছলে সেখানে আগে থেকে ওঁৎপেতে থাকা প্রতিপক্ষ মিছিলে অতর্কিত হামলায় নেতাকর্মীদের মোবাইল ছিনিয়ে নেয় ও তাদের মারধর করে।
এ সময় পেছন থেকে ইট-পাটকেল নিক্ষেপ ও অতর্কিত হামলায় উপজেলা মহিলা দলের সভাপতি জাহানারা বেগম, ছাত্রদলের আহ্বায়ক সাইমুন হক রাজীব, সদস্য সচিব তৌহিদুল ইসলাম মানিক, ইঞ্জিনিয়ার সোহেল ও সরোয়ারসহ ১০-১২ জন নেতাকর্মী আহত হন।
দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন বলেন, হামলায় অংশ নেয় পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইফুর রহমান স্বপন, আবুল হাশেম বাহাদুর ও ছাত্রদল থেকে বহিষ্কৃত ফটিক। যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে জন্য তাদের হামলার কোনো প্রতিবাদ করিনি।
তিনি বলেন, আজকের বিজয় র্যালিতে হামলার ঘটনা একটি ষড়যন্ত্রের অংশ। বিএনপিকে সাধারণ মানুষের কাছে বিতর্কিত করতে এই ষড়যন্ত্রকারীরা আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্যে বিএনপির সাধারণ নেতাকর্মীদের ওপর হামলা করেছে। তাদের ষড়যন্ত্র সফল হতে দেব না, এ ষড়যন্ত্রে পা দিয়ে আমরা কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না। আমরা ধৈর্য্যধারণ করছি, আরো করে যাব।
বিএনপির বিজয় র্যালি হামলার বিষয়ে জানতে চাইলে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইফুর রহমান স্বপন বলেন, আমরা আমাদের নেতাকর্মীদের নিয়ে জিরোপয়েন্টে রক্তদান কর্মসূচি পালন করছি। এ সময় তারা মিছিল নিয়ে যাওয়ার সময় মিছিল থেকে তাদের কিছু নেতাকর্মী আমাদের কটাক্ষ করে মন্তব্য করে। তখন আমাদের সাথে থাকা নেতাকর্মীরা তাদের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। পরে আমরা তা নিভৃত করি। আমাদের নেতৃত্বে হামলা হয়েছে এ অভিযোগটি সত্য নয়। বরং তাদের হামলায় আমাদের বেলাল, সিফাত, মিলনসহ ৫ জন নেতাকর্মী আহত হয়েছে।
দাগনভূঞা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, বিএনপির বিজয় র্যালিকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে দাগনভূঞা থানা পুলিশ তাৎক্ষণিক তা নিভৃত করে। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে।