চরফ্যাশন (ভোলা) প্রতিবেদক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫ ১৫:১৯ পিএম
আওয়ামী লীগ সরকারের সাথে কোটা সংস্কারের দাবিতে ছাত্রজনতার গণ-আন্দোলনের সময় ঢাকায় গুলিবিদ্ধ হয়ে ভোলার চরফ্যাশনের ১২ যুবক গত বছর জুলাই-আগস্টে শহীদ হন। তাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করা হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই ১২ শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করা হয়।
সকাল ৯টার দিকে চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউনিয়নরে ৯ নম্বর ওয়ার্ডের ঢাকায় নিহত হওয়া ফজলে রাব্বির কবরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথি ও সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করেন।
এছাড়াও চরফ্যাশনের বাকি ১১ শহীদ মো.হাসনাইন, মো.মমিন, মো.ফজলু, মো.হাবিব, মো. ওমর ফারুক, মো.সিয়াম, রাকিব মোল্লা, মো. সোহাগ, মো. হোসেন, মো, তারেক, মো.বাহাদুর হোসেন মনিরের কবরে প্রশাসনের অন্য দপ্তরের কর্মকর্তারাও এই পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করেন।
এ সময় শহীদ পরিবারের সদস্য এবং স্থানীয় মসজিদের ইমামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।